জয়পুরহাটের কালাই উপজেলার বেগুন গ্রামে চিশতীয়া পীরের আস্তানায় প্রতি বছর অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার হয় ঐতিহ্যবাহী নবান্ন উৎসব ও মেলা। নতুন ধানের চাল, গুড়, দুধ ও নারিকেল দিয়ে তৈরি ক্ষীরকে কেন্দ্র করে এ উৎসবে সমাগম ঘটে হাজারো মানুষের। দূর-দূরান্ত থেকে ভক্ত, অনুসারী ও দর্শনার্থীরা আসেন এই আয়োজনে।
এ বছর নবান্ন উৎসব উপলক্ষে আস্তানায় ৮০ মণ নতুন চাল, ১২০ মণ গুড়, ৭০ মণ দুধ ও ৮ হাজার নারিকেল দিয়ে ক্ষীর রান্না করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে ২৯টি চুলায় চলে রান্নার আয়োজন। এতে প্রায় ৫০০ জন পীরভক্ত ও ৩০০ স্বেচ্ছাসেবী সহযোগিতা করেন। রান্না চলে রাত ১০টা পর্যন্ত। তরিকার হলকা ও জিকির শেষে ক্ষীর বিতরণ করা হবে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, আস্তানায় কেউ গুড় ভাঙছেন, কেউ নারিকেল প্রস্তুত করছেন, আবার কেউ ক্ষীর রান্নায় ব্যস্ত। রান্না করা ক্ষীর সংরক্ষণ করা হচ্ছে বড় বড় হাউজে। উৎসব ঘিরে আস্তানায় ভক্তদের আনাগোনা বাড়তে থাকে সকাল থেকেই।
নবান্ন উৎসবকে ঘিরে বেগুন গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয়-স্বজনদের আগমন ঘটে। বাড়িতে বাড়িতে রান্না হয় মাংস, ক্ষীর ও পায়েস।
নবান্ন উৎসব উপলক্ষে বসেছে মেলা। রাস্তার দুই পাশে প্রায় এক কিলোমিটারজুড়ে খাবার, মিষ্টান্ন ও বিভিন্ন আসবাবপত্রের দোকান বসেছে।
আস্তানা শরিফের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন মন্ডল জানিয়েছেন, বাংলা ১৩৭২ সালের ৬ কার্তিক আস্তানাটি উদ্বোধন করা হয়। ৩৭ শতক জমির ওপর প্রতিষ্ঠিত আস্তানাটি পীরের মুরিদান, আশেকান ও ভক্তদের অনুদানে পরিচালিত হয়। এ বছর নবান্নের ক্ষীর তৈরিতে ৮০ মণ চাল, ১২০ মণ গুড়, ৭০ মণ দুধ ও ৮ হাজার নারিকেল ব্যবহার করা হচ্ছে।
আস্তানার সভাপতি ও মোতাওয়াল্লি রফিকুল ইসলাম জানান, নবান্ন উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর ৩৫ থেকে ৫০ হাজার মানুষের সমাগম ঘটে। হজরত খাজা শাহ মাওলানা মো. আব্দুল গফুর চিশতী বাংলা ১৩২৮ সালে বেগুন গ্রামে আসেন। তার আগমনের তিন বছর পর থেকে এ নবান্ন উৎসব শুরু হয়, যা এখনো চলে আসছে।
স্থানীয়দের মতে, পীর আব্দুল গফুর চিশতী বেগুন গ্রামে বসবাসকালে মানুষকে কোরআন শিক্ষা দিতেন। পরে তিনি মক্তব, চশমায়ে উলুম ফাজিল মাদ্রাসা ও আস্তানা প্রতিষ্ঠা করেন। বাংলা ১৩৮২ সালের ১৬ শ্রাবণ তিনি মৃত্যুবরণ করেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানিয়েছেন, নবান্ন উৎসরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.