বলিউড অভিনেতা রণবীর সিংয়ের গাড়ির সংগ্রহে যুক্ত হলো নতুন বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ি বিএমডব্লিউ আই৭। ভারতীয় বাজারে গাড়িটির দাম ১ কোটি ৯৫ লাখ রুপির বেশি (এক্স-শোরুম)। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে নতুন এই গাড়ির ডেলিভারি নিতে দেখা গেছে অভিনেতাকে।
বিএমডব্লিউ সম্প্রতি দেশটির বাজারে নতুন ৭ সিরিজের গাড়ি উন্মোচন করেছে। এতে জ্বালানিচালিত ইঞ্জিনের পাশাপাশি বৈদ্যুতিক সংস্করণও রয়েছে। একই সময়ে প্রতিষ্ঠানটি রণবীর সিংকে নিজেদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করে। তবে অভিনেতার নতুন গাড়িটি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপহার দেওয়া হয়নি; বরং তিনি নিজেই এটি কিনেছেন বলে জানা গেছে।
রণবীরের গাড়ির সংগ্রহে আগেও ছিল একাধিক বিলাসবহুল গাড়ি। এর মধ্যে রয়েছে বিশাল আকৃতির বৈদ্যুতিক পিকআপ জিএমসি হামার ইভি, যা এর আকার ও বিশেষ প্রযুক্তির জন্য পরিচিত। গাড়িটি চলার সময় পাশের দিকে সরতে পারে, যা ‘ক্র্যাব ওয়াক’ নামে পরিচিত। এ ছাড়া তার সংগ্রহে রয়েছে ল্যাম্বরগিনি উরুস, মার্সিডিজ-মেবাখ জিএলএস ৬০০, রেঞ্জ রোভার ও অ্যাস্টন মার্টিন র্যাপিড এসের মতো গাড়ি। নতুন বিএমডব্লিউ আই৭ যুক্ত হওয়ায় তার গাড়ির বহরে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা দাঁড়াল অন্তত দুটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তার গাড়ির বহরে টয়োটা ফরচুনারও দেখা গেছে।
বিএমডব্লিউ আই৭-এর শক্তি ও গতি
বিএমডব্লিউ আই৭-এর বিভিন্ন সংস্করণ রয়েছে। এর ৫০ এক্সড্রাইভ এম স্পোর্ট সংস্করণে রয়েছে ৪৫৫ হর্সপাওয়ার ক্ষমতার মোটর, যা সর্বোচ্চ ৬০০ নিউটন-মিটার টর্ক উৎপন্ন করতে পারে। গাড়িটি স্থির অবস্থা থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে সময় নেয় ৫ দশমিক ৫ সেকেন্ড। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২১০ কিলোমিটার।
গাড়িটিতে রয়েছে ১১২ দশমিক ৫ কিলোওয়াট-ঘণ্টা ক্ষমতার ব্যাটারি। বিএমডব্লিউর দাবি অনুযায়ী, একবার পূর্ণ চার্জে এটি ডব্লিউএলটিপি পরীক্ষাপদ্ধতিতে সর্বোচ্চ ৭২৮ কিলোমিটার চলতে পারে।
অন্যদিকে, আই৭ এম৭০ এক্সড্রাইভ সংস্করণে রয়েছে ৬৮০ হর্সপাওয়ার ক্ষমতার মোটর এবং ১ হাজার ১৫ নিউটন-মিটার টর্ক। স্পোর্ট বুস্ট মোডে টর্কের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১ হাজার ১০০ নিউটন-মিটারে। এই সংস্করণটি মাত্র ৩ দশমিক ৮ সেকেন্ডে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে পারে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার এবং একবার পূর্ণ চার্জে চলার ঘোষিত সক্ষমতা ৬৮৬ কিলোমিটার। তবে রণবীর আই৭-এর কোন সংস্করণটি কিনেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিলাসবহুল কেবিনে অত্যাধুনিক প্রযুক্তি
বিলাসবহুল জীবনযাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিএমডব্লিউ আই৭-এর ভেতরে যুক্ত করা হয়েছে আধুনিক প্রযুক্তি ও আরামদায়ক নানা সুবিধা। গাড়িটির সামনের উইন্ডশিল্ডের নিচের অংশজুড়ে তথ্য প্রদর্শনের জন্য রয়েছে বিএমডব্লিউ প্যানোরামিক ভিশন ডিসপ্লে। এটি প্রচলিত চালক-ডিসপ্লের পরিবর্তে গাড়ি চালানোর প্রয়োজনীয় তথ্য দেখায়।
এ ছাড়া রয়েছে ১৭ দশমিক ৯ ইঞ্চির কেন্দ্রীয় টাচস্ক্রিন, যা বিএমডব্লিউ অপারেটিং সিস্টেম এক্সে পরিচালিত হয়। সামনের যাত্রীর জন্য রাখা হয়েছে আলাদা ১৪ দশমিক ৬ ইঞ্চির ডিসপ্লে। পেছনের যাত্রীদের বিনোদনের জন্য রয়েছে ৩১ দশমিক ৩ ইঞ্চির বড় পর্দা। গাড়িটিতে স্বয়ংক্রিয়ভাবে খোলা ও বন্ধ হওয়ার দরজাও রয়েছে।
শব্দের উন্নত অভিজ্ঞতার জন্য এতে ব্যবহার করা হয়েছে বোয়ার্স অ্যান্ড উইলকিনসের সাউন্ড সিস্টেম, যা ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থন করে। পাশাপাশি রয়েছে ওয়্যারলেস অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো, ওভার-দ্য-এয়ার সফটওয়্যার আপডেট, সংযুক্ত গাড়ি ব্যবস্থাপনা এবং চালক-সহায়তাকারী উন্নত প্রযুক্তি।
আরামের জন্য গাড়িটির আসনে রয়েছে বৈদ্যুতিকভাবে অবস্থান পরিবর্তনের সুবিধা, হিটিং, ভেন্টিলেশন ও ম্যাসাজ ব্যবস্থা। পেছনের যাত্রীদের জন্য রয়েছে পা রাখার বিশেষ আরামদায়ক ব্যবস্থা বা পাওয়ারড অটোম্যান।
বলিউড তারকাদের পছন্দের গাড়ি বিএমডব্লিউ ৭ সিরিজ
বিলাসিতা ও আধুনিক প্রযুক্তির কারণে বলিউড তারকাদের কাছেও বিএমডব্লিউ ৭ সিরিজের গাড়ি বেশ জনপ্রিয়। এই সিরিজের গাড়ি রয়েছে অজয় দেবগন, সোনম কাপুর, জিতেন্দ্র, রিতেশ দেশমুখ ও সোনু সুদের মতো তারকাদের সংগ্রহেও।
নতুন বিএমডব্লিউ আই৭ কেনার মধ্য দিয়ে রণবীর সিংয়ের বিলাসবহুল গাড়ির সংগ্রহে আরও একটি ব্যয়বহুল সংযোজন হলো।
সূত্র: এনডিটিভি
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.