ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন ছবি, আবেগঘন পোস্ট ও রহস্যময় ক্যাপশনকে ঘিরে মাঝেমধ্যেই প্রেম ও বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়। এবারও তেমনই এক গুঞ্জনে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সি এক যুবককে বিয়ে করেছেন প্রভা। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে প্রভা নিজেই তার বিয়ের খবর অস্বীকার করে পুরো বিষয়টিকে গুজব বলে জানিয়েছেন।
গত কয়েক মাস ধরে প্রভার ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট ঘিরে তার সম্পর্কের বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। এ সময়ে তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পাশাপাশি বিভিন্ন দেশেও ভ্রমণ করেছেন।
চলতি বছরের এপ্রিলে অনামিকায় আংটি পরা একটি ছবি প্রকাশ করেন প্রভা। পরে হাতে ফুল ও অনামিকায় হীরার আংটি পরা আরেকটি ছবি প্রকাশ করলে তার বাগদান নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়।
এর আগে জানুয়ারিতে এক ফেসবুক লাইভে বিয়ে ও বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেন প্রভা। সেখানে নিজের ব্যক্তিগত জীবনে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, বিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত একটি বিষয়। জীবনে যা ঘটার, তা যথাসময়েই ঘটবে বলেও মন্তব্য করেন তিনি।
এরপর জুনে এক ভিডিও বার্তায় নারীদের বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে না জড়ানোর পরামর্শ দেন এই অভিনেত্রী। কোনো পুরুষ যদি দাবি করেন, তিনি দাম্পত্য জীবনে অসুখী অথবা শুধু সন্তানের কথা ভেবে স্ত্রীর সঙ্গে আছেন, তাহলে তার কথায় বিশ্বাস না করার পরামর্শ দেন প্রভা।
প্রভার ওই বক্তব্যের সময়টিও আলোচনায় আসে। কারণ, সে সময় এক জনপ্রিয় সেলিব্রিটি কার রিভিউয়ারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। যদিও ওই সম্পর্কের বিষয়টি কখনো প্রকাশ্যে নিশ্চিত করেননি অভিনেত্রী।
জুনে নেপাল ভ্রমণের সময় প্রভার কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। একটি ছবিতে ‘আই লাভ ইউ’ লেখা বেলুনের সামনে দেখা যায় তাকে। অন্য একটি ছবিতে এক পুরুষের হাতের দিকে নিজের হাত বাড়িয়ে রেখেছিলেন প্রভা। ওই ছবিতে ‘আই লাভ ইউ টু’ লেখা ছিল। পরে ছবিটি সরিয়ে নেন তিনি। তবে ওই ব্যক্তির পরিচয় কিংবা তার সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি অভিনেত্রী।
গত ৩১ জুলাইও একটি আবেগঘন পোস্ট দেন প্রভা। সেখানে তিনি লেখেন, ‘এখনো তোমাকে ছাড়া দিন কাটছে এবং আবার দেখা হওয়ার দিন গুনছি।’ তবে পোস্টে ‘তুমি’ বলতে কাকে বোঝানো হয়েছে, তা স্পষ্ট করেননি তিনি।
তবে গণমাধ্যমে নিজের বিয়ের খবর সরাসরি অস্বীকার করেন অভিনেত্রী। একই সঙ্গে তৃতীয় বিয়ের পুরো বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন তিনি।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.