ভারতের তরুণ প্রজন্মের সম্ভাবনাময় ব্যক্তিত্বদের নিয়ে প্রকাশিত টাইম ম্যাগাজিনের বিশেষ তালিকা ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’-তে জায়গা করে নিয়েছেন ১৫ বছর বয়সি ক্রিকেটার বৈভব সূর্যবংশী। বিনোদন, ব্যবসা ও সংস্কৃতির বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিদের সঙ্গে এই তালিকায় স্থান পেয়েছেন ভারতের এই উদীয়মান ক্রিকেট প্রতিভা।
টাইম ম্যাগাজিনের প্রকাশিত ১০০ জনের তালিকার ‘ইনোভেটরস’ বিভাগে রাখা হয়েছে বৈভবকে। একই বিভাগে রয়েছেন বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। অন্যদিকে, ‘আর্টিস্টস’ বিভাগে স্থান পেয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। ম্যাগাজিনটির প্রচ্ছদেও দেখা গেছে তার ছবি।
বৈভবের প্রতিভা ও ক্রিকেটে ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে টাইমে লিখেছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। তার মতে, ব্যাট হাতে মাঠে বৈভবের উপস্থিতি নতুনভাবে চিন্তা করার অনুপ্রেরণা জোগায়। এই কিশোরকে অসাধারণ ক্রীড়াপ্রতিভা হিসেবেও উল্লেখ করেছেন তিনি।
ক্রিকেট থেকে ভারতের আরও কয়েকজন ক্রীড়াবিদও রয়েছেন এই তালিকায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হারমানপ্রীত কৌর। এছাড়া আছেন অলিম্পিক পদকজয়ী বক্সার লাভলিনা বরগোহাঁই, টেনিস তারকা সানিয়া মির্জা, হকি গোলরক্ষক সবিতা পুনিয়া এবং অ্যাথলেট ভিথিয়া রামরাজ।
তালিকায় থাকা অন্য তারকাদের মধ্যে আলিয়া ভাট সম্পর্কে লিখেছেন চলচ্চিত্র নির্মাতা এস এস রাজামৌলি। আরিয়ান খানের পরিচিতি তুলে ধরেছেন পরিচালক বিশাল ভরদ্বাজ।
‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ মূলত টাইম ম্যাগাজিনের আন্তর্জাতিক ‘টাইম১০০ নেক্সট’ উদ্যোগের ভারতকেন্দ্রিক সংস্করণ। বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা এবং আগামী দিনে আরও বড় প্রভাব তৈরির সম্ভাবনা রয়েছে—এমন ১০০ ব্যক্তিত্বকে এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। টাইমের ভারত ও আন্তর্জাতিক পর্যায়ের সাংবাদিকদের মূল্যায়নের ভিত্তিতে তৈরি এই তালিকা কোনো নির্দিষ্ট ক্রম অনুসারে সাজানো হয়নি।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.