বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। অভিনয় ক্যারিয়ারে বেশ ভালো সময়ই পার করছেন এই অভিনেত্রী। বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা ধানুশের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল। এর আগে এ সম্পর্ককে কেবল ‘বন্ধুত্ব’ বলে মন্তব্য করেন এই অভিনেত্রী।
কিছু দিন আগে নতুন করে গুঞ্জন চাউর হয়, আগামী ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ে করবেন ম্রুণাল-ধানুশ। তবে এ নিয়ে এখনো মুখে কুলুপ এঁটে আছেন এই দুই তারকা। তবে এরই মধ্যে প্রেম-ভালোবাসা নিয়ে খোলামেলা কথা বললেন ম্রুণাল।
ফিল্মি জ্ঞানকে দেওয়া সাক্ষাৎকারে ম্রুণাল ঠাকুর বলেন, “ভালোবাসা অসাধারণ এক অনুভূতি। এই পৃথিবীর প্রত্যেক মানুষের জীবনে ভালোবাসা আসা উচিত। এটি আপনাকে আরো ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে। এটি এমন একটি বিষয়, যা আপনার ভেতরের শিশুসত্তাকে নতুন করে লালন-পালন করে, আর ভেতরের ক্ষতগুলো সারিয়ে তুলে। পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস ভালোবাসা। আমি প্রার্থনা করি, সবাই যেন ভালোবাসা খুঁজে পায়।”
নারী না কি পুরুষ—ভালোবাসায় কে বেশি দেয়? এ প্রশ্নের জবাবে ম্রুণাল ঠাকুর বলেন, “যে মানুষটি প্রেমের সম্পর্কে আছে, সেই-ই বেশি দেয়। তবে ভালোবাসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—তা গ্রহণ করাও শিখতে হবে। অনেক সময়, ভালোবাসা পাওয়া এবং তাকে স্বীকার করা খুব কঠিন হয়ে পড়ে। তবে ভালোবাসার সংজ্ঞা সময়ের সঙ্গে বদলাচ্ছে।”
খানিকটা ব্যাখ্যা করে ম্রুণাল ঠাকুর বলেন, “একমাত্র স্থায়ী জিনিস হলো ভালোবাসা। এখানে একজন প্রেমিক থাকে, একজন প্রিয় মানুষ থাকে—প্রশ্ন হলো, আপনি সেটা কীভাবে গ্রহণ করছেন। যখন কেউ প্রেমের সম্পর্কে থাকে, তখন সেই দেয়। এতে নারী-পুরুষের কোনো ভেদ নেই। যখন ভালোবাসা হয়, তখন আপনি সেই মানুষটার জন্য সবকিছু করতে প্রস্তুত থাকেন; আপনি নিজেকে সঁপে দেন।”
ম্রুণাল ঠাকুরের হাতে এখন পাঁচটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে তেলেগু ভাষার দুটো ও হিন্দি ভাষার তিনটি সিনেমা রয়েছে। তবে এখন নতুন মিউজিক ভিডিওর প্রচারের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। ‘ভিগি ভিগি’ শিরোনামের এ গানে কণ্ঠ দিয়েছেন এ. আর আমীন ও জসলীন রয়্যাল। সংগীতায়োজন করেছেন এ আর রহমান। গানের ভিডিওতে ম্রুণালের সঙ্গে জুটি বেঁধেছেন দুলকার সালমান।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.