তেলেগু সিনেমার স্টাইলিস্ট অভিনেতা আল্লু অর্জুন। বুধবার (৮ এপ্রিল) এ তারকা অভিনেতা ৪৪ বছর পূর্ণ করলেন। গতকাল রাত থেকে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন। তবে মধ্যরাতে তার বাড়ির সামনে গিয়ে ভিড় জমান ভক্তরা, যাদের সামাল দিতে বেগ পেতে হয় নিরাপত্তারক্ষীদের।
এ মুহূর্তের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। একটিতে দেখা যায়, আল্লু অর্জুনের বাড়ির সামনের প্রাচীরের বাইরে দাঁড়িয়ে অসংখ্য মানুষ। চিৎকার করে আল্লু অজুনের নাম ধরে ডাকছেন। কেউ কেউ ‘আন্না’, কেউ কেউ উচ্চ স্বরে বলছেন—“আই লাভ ইউ”।
অন্য একটি ভিডিওতে দেখা যায়, মধ্যরাতে আল্লু অর্জুনের বাড়ির সামনে অসংখ্য ভক্ত জড়ো হয়েছেন। তারা মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তার নাম ধরে স্লোগান দিচ্ছেন। তাদের উচ্ছ্বাস এতটাই বেশি যে, সামাল দিতে হিমশিম খাচ্ছেন নিরাপত্তারক্ষীরা।
ভারতীয় কিছু গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভিড় সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। এতে কিছুটা আতঙ্ক ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এসবের মধ্যেই ভক্তদের চমকে দেন আল্লু অর্জুন। জন্মদিনেই প্রকাশ করেছেন তার বড় বাজেটের সিনেমার ফার্স্ট লুক। ‘জওয়ান’খ্যাত অ্যাটলি কুমার নির্মাণ করছেন কল্পবিজ্ঞানধর্মী সিনেমা, যার নাম রাখা হয়েছে— ‘রাকা’। নতুন সিনেমায় আল্লুর লুক দেখে ভূয়সী প্রশংসা করছেন তার ভক্ত-অনুরাগীরা।
শিশুশিল্পী হিসেবে রুপালি জগতে পা রাখেন আল্লু অর্জুন। ১৯৮৫ ও ১৯৮৬ সালে দক্ষিণের দুটো সিনেমায় দেখা যায় তাকে। পরবর্তীতে অ্যানিমেটর ও ডিজাইনার হিসেবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করেন। ২০০১ সালে তেলেগু ভাষার ‘ড্যাডি’ সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয় করেন। ২০০৩ সালে তেলেগু ভাষার ‘গঙ্গোত্রী’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। মূলত, এটিকে আল্লু অর্জুনের অভিষেক চলচ্চিত্র ধরা হয়। এটি মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলে।
২০০৪ সালে তেলেগু ভাষার ‘আরিয়া’ সিনেমায় অভিনয় করেন আল্লু অর্জুন। এ সিনেমা মুক্তির পর বেশ প্রশংসা কুড়ান এই অভিনেতা। ৪ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ৩০ কোটি রুপি। পরের বছরই ‘বানি’ সিনেমায় অভিনয় করেন আল্লু অর্জুন। তবে এটি তেমন সাড়া ফেলেনি।
‘গঙ্গোত্রী’ সিনেমা বক্স অফিসে সাড়া ফেলেছিল ঠিকই, কিন্তু আড়ালে ছিলেন আল্লু অর্জুন। ‘আরিয়া’ সিনেমা তাকে খানিকটা পরিচিতি এনে দেয়। অন্যদিকে, দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা চিরঞ্জীবী, পবন কল্যাণের ভাগনে আল্লু অর্জুন। তারপরও তাকে কাজ পেতে বেগ পেতে হয়। তবে ২০০৯ সালে তার অভিনীত ‘আরিয়া টু’ সিনেমা মুক্তির পর বদলে যায় চিত্রপট। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন কাজল আগরওয়াল।
এরপর বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন আল্লু অর্জুন। তবে এ তারকা সবচেয়ে বেশি সাড়া ফেলেন ‘পুষ্পা’ সিনেমা দিয়ে। ‘পুষ্পা টু’ সিনেমা মুক্তির পর কোটি ভক্ত-অনুরাগীদের হৃদয়ে ফের নাড়া দেন এই তারকা।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.