জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬ পাস হয়েছে। নতুন এই আইনের ফলে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল থাকছে। একই সঙ্গে এই আইনের আওতায় সংগঠনটির বিরুদ্ধে বিচার কার্যক্রম পরিচালনার পথও সুগম হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন চলাকালে বিলটি পাস হয়।
বিল পাসের আগে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বক্তব্য দেওয়ার অনুমতি চান। তিনি বলেন, বিলের একটি কপি মাত্র কয়েক মিনিট আগে হাতে পেয়েছেন, এখনো তা পুরোপুরি পর্যালোচনা করা সম্ভব হয়নি। আইনটি সংবেদনশীল উল্লেখ করে তিনি বিলটি পাসের আগে আরও সময় দেওয়ার অনুরোধ জানান।
তবে স্পিকার রুলিং দিয়ে জানান, এই পর্যায়ে এসে আপত্তি তোলার সুযোগ নেই। নির্ধারিত সময়ে সংশোধনী বা প্রস্তাব আনা হয়নি বলেই তা বিবেচনার সুযোগও নেই।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী বিলটির পক্ষে বক্তব্য রাখতে গিয়ে বলেন, এটি মূলত একটি সংশোধনী, যা বিদ্যমান সন্ত্রাসবিরোধী আইনে পরিবর্তন এনে একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধকরণের আইনি ভিত্তি জোরদার করেছে। তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী আন্দোলনের মাধ্যমে যে জনমত তৈরি হয়েছিল, তার প্রতিফলন হিসেবেই এই সংশোধন আনা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, এই আইনের অধীনেই আওয়ামী লীগের নিবন্ধন বর্তমানে স্থগিত রয়েছে এবং সংগঠনটির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালানোর সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য আইনেও প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে।
আলোচনা শেষে স্পিকারের নির্দেশনায় বিলটি ভোটে তোলা হলে কণ্ঠভোটে তা পাস হয়।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। সেই সিদ্ধান্তটি অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের ভিত্তিতে কার্যকর ছিল।
পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদের একটি বিশেষ কমিটি অধ্যাদেশটি পর্যালোচনা করে সংশোধিত আকারে আইন হিসেবে পাসের সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতেই বিলটি সংসদে উত্থাপন ও শেষ পর্যন্ত পাস করা হয়েছে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.