দ্বীনের পথে অভিনেত্রী নওবা তাহিয়া, অভিনয় ছাড়ার ঘোষণা

অভিনয় জগৎ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তরুণ অভিনেত্রী নওবা তাহিয়া। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শোবিজ ছাড়ার সিদ্ধান্তের কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে অভিনয় ছাড়ার কারণ ব্যাখ্যা করে নওবা তাহিয়া লেখেন, “এই মুহূর্তে আমি আমার দ্বীনের মধ্যে, নিজের ভেতরে, শেখার মধ্যে এবং যাদের সঙ্গে থাকলে ঘরের মতো অনুভূতি হয়—তাদের সঙ্গেই শান্তি খুঁজে পাচ্ছি।”

শোবিজে চারটি সুন্দর বছর কাটানোর পর এখন থামার সিদ্ধান্ত নিয়েছেন নওবা তাহিয়া। এই সময়টা তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ছিল উল্লেখ করে এতদিন পাশে থাকা সবাইকে ধন্যবাদ জানান এই অভিনেত্রী।

পোস্টে নওবা তাহিয়া স্পষ্ট করে জানান, এখন থেকে তার আর কোনো নতুন কাজ আসবে না—না নাটক, না টিভিসি, না ওটিটি প্ল্যাটফর্মে। তবে আগে করা কিছু কাজ ভবিষ্যতে প্রকাশ পেতে পারে, যদিও সেগুলোর সঙ্গে তিনি আর সক্রিয়ভাবে যুক্ত থাকবেন না।

দর্শক-ভক্তদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে নওবা তাহিয়া লেখেন, “এতদিন যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, তার জন্য হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ।”

ছোটবেলায় শিশুদের অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু করেন নওবা তাহিয়া। পরে নাটক ও ওটিটিতে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে টিভি নাটক—‘চুপি চুপি’, ‘প্রথম প্রেমে বানান ভুল’, ‘মায়াপূরাণ’, ‘শুধু তুমি’, ক্লোজআপ কাছে আসার গল্প ‘কন্ট্রোল প্লাস জেড’ এবং চরকির ওয়েবফিল্ম ‘পুনর্মিলন’।

পড়াশোনার কারণে আগেও কয়েক মাস অভিনয় থেকে দূরে ছিলেন নওবা তাহিয়া। তবে এবার শোবিজকে একেবারেই বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন এই অভিনেত্রী।