দুই বছর পর বোনকে জড়িয়ে ধরলাম : মাহি

রাতের শহর। তুষার ঝরছে। এক পাশ থেকে হেঁটে আসছেন এক মেয়ে। বিপরীত দিক থেকে চিৎকার দিয়ে ছুটে গিয়ে আরেক মেয়ে তাকে জড়িয়ে ধরেন। উপর থেকে তুষার ঝরছে, নিচে দুজন দুজনকে জড়িয়ে ধরে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকেন তারা।

ছোট পর্দার আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি। গতকাল রাতে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন, তাতে এমন দৃশ্য দেখা যায়। ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, মাহির বোন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাস করেন। বোনকে দেখতে সেখানে ছুটে গিয়েছেন তিনি। বহুদিন পর বোনকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি।

এ ভিডিওর ক্যাপশনে সামিরা খান মাহি বলেন, “বাস্তব জীবনটা খুব কঠিন। কাজের চাপে দুইটা বছর চলে গেল, তা-ও তোর কাছে আসতে পারতেছিলাম না। অনেক সময় কাজ সম্পর্ককে দূরে সরিয়ে দেয়। কিন্তু কিছু সম্পর্ক আছে, যেখানে দূরত্ব কখনো জায়গা পায় না।”

বোনকে জড়িয়ে ধরার অনুভূতি ব্যক্ত করে মাহি বলেন, “আজকে দুই বছর পর আমার বোনকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম। এই আলিঙ্গনটাই আমার সব অপেক্ষার শেষ করে দিল। বিদেশের জীবন বেছে নেয়া এত সহজ না।”

মাহির আনন্দঘন মুহূর্তের ভিডিও দেখে নেটিজেনরাও আবেগপ্রবণ হয়ে পড়েছেন। জান্নাত নামে একজন লেখেন, “আসলে দূর থেকে কারো জীবন বোঝা যায় না।” শহিদুর রহমান লেখেন, “এটাই বোনের প্রতি বোনের ভালোবাসা।” হান্নান লেখেন, “বোনের প্রতি ভালোবাসা দেখে মন ভরে গেল।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।