মামলায় খালাস পেলেন আসিফ আকবর

লাইসেন্স ছাড়া বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর খালাস পেয়েছেন।

সোমবার (৯ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত–২-এর বিচারক আয়েশা আক্তার মৌসুমি যুক্তিতর্ক শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়, মামলায় রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় আসিফ আকবরকে খালাস দেওয়া হলো।

রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে আসিফ আকবর বলেন, “গত আট বছর ধরে বিভিন্ন কারণে নিয়মিত আদালতে আসতে হয়েছে। কখনো কোনো প্রভাব খাটানোর চেষ্টা করিনি, মামলাটিকে রাজনৈতিক রং দেওয়ারও চেষ্টা করিনি। আইনগতভাবেই বিষয়টি মোকাবিলা করেছি। দীর্ঘ এই মামলার কারণে আমার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা কষ্ট পেয়েছেন। আজ সব অভিযোগ থেকে মুক্তি পেলাম।”

আদালত সূত্র জানায়, মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার যুক্তিতর্কের দিন ধার্য ছিল। এ মামলায় মোট তিনজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। বাদী ছিলেন সিআইডির সাইবার তদন্ত শাখার উপপরিদর্শক প্রশান্ত কুমার সিকদার। এছাড়া তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক জামাল উদ্দিন ও শাহিনুল ইসলাম সাক্ষ্য প্রদান করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ৬ জুন রাজধানীর পান্থপথে আসিফ আকবরের অফিস কক্ষ থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে সেগুলো পরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদফতরে পাঠানো হয়। এ ঘটনায় ২০১৯ সালের ২৩ জুলাই রাজধানীর তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছিল।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।