mamunur rashid

ভিউ বাণিজ্য আমাদের সর্বনাশ করেছে : মামুনুর রশীদ

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই সমান দাপট দেখিয়েছেন নাট্যজন মামুনুর রশীদ। অভিনয়ের পাশাপাশি নির্মাণেও রেখেছেন দক্ষতার ছাপ। এবার তিনি খোলামেলা কথা বললেন বর্তমান সময়ের ‘ভিউ বাণিজ্য’ এবং শিল্পের সংকট নিয়ে।

মামুনুর রশীদ বলেন, “ভিউ বাণিজ্য এসে আমাদের সর্বনাশ করেছে। সেই সর্বনাশের ফাঁদেই আমরা বসে আছি। একদিকে আমাদের শিল্পের সংকট, অন্যদিকে রাজনৈতিক সংকটও চলছে। আমরা ভালো কিছু নির্মাণ করতেই পারছি না। প্রেরণাহীন একটা সময় আমরা কাটাচ্ছি।”

জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে একটি সেমিনারে এসব কথা বলেন এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে মামুনুর রশীদ বলেন, “মতপ্রকাশের স্বাধীনতা এবং নির্ভয়ে নিজেকে প্রকাশ করার সুযোগ বাংলাদেশের শিল্পীদের জন্য এখনো পুরোপুরি তৈরি হয়নি।”

তৌকির আহমেদের বেড়ে ওঠার সময়ের কথা স্মরণ করে মামুনুর রশীদ বলেন, “গণতান্ত্রিক বিকাশের পর অনেক দেশে শিল্পীরা নিজেদের অসংকোচে প্রকাশ করতে পারেন। পাশের দেশ ভারত কিংবা উন্নত বিশ্বের উদাহরণ দেখলে সেটাই বোঝা যায়। কিন্তু সেই স্বাধীনতা আমাদের জীবনে পুরোপুরি আসেনি। এই সীমাবদ্ধতার মধ্য দিয়েই তৌকিরের বেড়ে ওঠা, অসংখ্য শিল্পীর বেড়ে ওঠা। শুধু তৌকির নয়, তার সমসাময়িক শিল্পীরাও অনেক সংগ্রাম করে আজকের জায়গায় পৌঁছেছেন।”

শিল্পীদের নিয়ে প্রচলিত ধারণা নিয়েও কথা বলেন মামুনুর রশীদ। তার ভাষায়, “অনেকে মনে করেন শিল্পীরা বোহেমিয়ান বা হালকা প্রকৃতির। আবার অনেকে ভাবেন, শিল্পীদের মধ্যে মেধার ঘাটতি আছে। কিন্তু তৌকিরের মতো মানুষ যত বেশি থাকবে, আমাদের এই অঙ্গনের সম্মান ততই বাড়বে।”

সেমিনারে আরো বক্তব্য দেন অভিনেতা আফজাল হোসেন, আজিজুল হাকিম, মীর সাব্বির, আরমান পারভেজ মুরাদ ও অভিনেত্রী দীপা খন্দকার। এ উপলক্ষে তৌকির আহমেদের চলচ্চিত্র নিয়ে লিখেছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। তার নির্দেশিত মঞ্চনাটক নিয়ে লিখেছেন মাসুম রেজা এবং টেলিভিশন কাজ নিয়ে লিখেছেন রুম্মান রশীদ খান।

দিনব্যাপী আয়োজনে একাডেমির মূল হলে তৌকির আহমেদ নির্মিত চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’ প্রদর্শিত হয়। সন্ধ্যায় মঞ্চস্থ হয়েছে তার নির্দেশিত ও অভিনীত নাটক ‘তীর্থযাত্রী’।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।