ভালোবেসে সুরাজ নাম্বিয়ার সঙ্গে ঘর বেঁধেছিলেন বলিউড অভিনেত্রী মৌনি রায়। কিছু দিন ধরে গুঞ্জন উড়ছিল, ভেঙে যাচ্ছে তাদের সংসার। অবশেষে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিলেন মৌনি রায়।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে যৌথ একটি বিবৃতি ইনস্টাগ্রামে প্রকাশ করেন মৌনি রায়। তাতে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান এই দম্পতি।
এ বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু গণমাধ্যমের অপ্রয়োজনীয় ও অতিরিক্ত হস্তক্ষেপে আমরা হতাশ। আমরা আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি। এ পরিস্থিতি ব্যক্তিগতভাবে এবং সৌহার্দ্যপূর্ণভাবে সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় সময় নিচ্ছি।”
বর্তমানে তারা দুজনেই এই কঠিন সময়টা ব্যক্তিগতভাবে কাটাতে চান। তবে তাদের বন্ধুত্ব এবং একসঙ্গে কাটানো সময় সব সময়ই মূল্যবান হয়ে থাকবে বলেও এ বিবৃতিতে জানানো হয়েছে।
সকলের প্রতি অনুরোধ জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। আমার বা সুরাজকে নিয়ে কোনো মিথ্যা গল্প ছড়াবেন না। আমাদের অনুরোধ, এই কঠিন সময়ে আমাদের একটু ব্যক্তিগত পরিসর দিন।”
মৌনির সংসার ভাঙার গুঞ্জন যখন তুঙ্গে তখনো নীরব ছিলেন। কয়েক দিন আগে আড়াল ভেঙে ইনস্টাগ্রাম স্টোরিতে এক পোস্ট দিয়ে মৌনি রায় লেখেন—“সকল মিডিয়া হাউজকে বিনীত অনুরোধ করছি, বিয়ে নিয়ে মিথ্যা গল্প প্রকাশ করবেন না। আমাদের কিছুটা একা থাকতে দিন ও গোপনীয়তা রক্ষা করুন।”
করোনা মহামারির সময় দুবাই আটকা পড়েছিলেন মৌনি রায়। সেই সময় পেশায় ব্যাংকার সুরাজের সঙ্গে তার বেশ ভালো সময় কেটেছে। পরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। দুবাই প্রবাসী সুরাজ নাম্বিয়ার সঙ্গে মৌনির প্রেম ও বিয়ের গুঞ্জন নিয়েও আলোচনা কম হয়নি। সবকিছুর ইতি টেনে ২০২২ সালের ১৭ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েন এই যুগল।
টিভি ধারাবাহিকে খ্যাতির পর অক্ষয় কুমার অভিনীত ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মৌনি। ‘কেজিএফ-চ্যাপটার ওয়ান’ সিনেমার ‘গলি গল’ গানে নেচে বেশ জনপ্রিয়তা লাভ করেন মৌনি। এরপর ‘রোমিও আকবর ওয়াল্টার’, ‘মেড ইন চায়না’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘ব্ল্যাকআউট’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন তিনি।
মৌনি রায়কে সর্বশেষ দেখা যায় ‘সালাকার’ সিরিজে। থ্রিলার ঘরানার সিরিজটি পরিচালনা করেন ফারুক কবির। গত বছরের ৮ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারে মুক্তি পায় এটি।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.