নায়িকা বুবলী এখন কোথায়, কেন আড়ালে

একসময় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক সিনেমায় অভিনয়, ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা এবং চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি—সব মিলিয়ে ঢালিউডে বেশ সরব ছিলেন শবনম ইয়াসমিন বুবলী। কিন্তু সেই পরিচিত ব্যস্ততা এখন আর দেখা যাচ্ছে না। বেশ কয়েক মাস ধরে শুটিং, সিনেমার প্রচার-প্রচারণা কিংবা বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি নেই।

এর মধ্যে দ্বিতীয়বার মা হওয়ার খবর জানিয়েছেন তিনি। নতুন মাতৃত্ব, ব্যক্তিগত জীবন এবং অভিনয়ে ফেরার অনিশ্চয়তা—সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, কোথায় বুবলী, কেনই বা আড়ালে রয়েছেন এই অভিনেত্রী?

আজ ২০ নভেম্বর বুবলীর জন্মদিন। প্রতিবছর এই দিন ঘিরে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছার পাশাপাশি নতুন কাজ কিংবা ব্যক্তিগত জীবনের নানা খবর সামনে আসে। তবে এবার জন্মদিনে তাকে ঘিরে আলোচনার কেন্দ্রে নতুন কোনো সিনেমা নয়, বরং তার অনুপস্থিতি।

বুবলীর চলচ্চিত্রে যাত্রা শুরু ২০১৬ সালে শামীম আহমেদ রনির ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে। একই ঈদে মুক্তি পায় ‘শুটার’। দুটি সিনেমাতেই তার বিপরীতে ছিলেন শাকিব খান। এরপর এই জুটির একাধিক সিনেমা দর্শকপ্রিয়তা পায়। ধীরে ধীরে ঢালিউডের প্রথম সারির নায়িকাদের আলোচনায় উঠে আসেন বুবলী।

তবে শাকিব খানের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কও বারবার আলোচনায় এসেছে। ২০২২ সালের সেপ্টেম্বরে দুজনই সন্তানের খবর প্রকাশ করেন। বুবলী জানান, ২০১৮ সালের ২০ জুলাই তাদের বিয়ে হয়। তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম ২০২০ সালের ২১ মার্চ। এর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সন্তানের জন্ম হলেও দীর্ঘদিন বিষয়টি প্রকাশ্যে আনেননি তিনি।

এবারও মাতৃত্বের কারণে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। গত ৫ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যাসন্তানের মা হওয়ার খবর জানান বুবলী। তার দেওয়া তথ্যমতে, ১১ মে জন্ম হয়েছে মেয়ের। মেয়ের নাম রেখেছেন শারলিন খান। তবে কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশের পরও তাকে নিয়মিত জনসমক্ষে দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার উপস্থিতি সীমিত।

সম্প্রতি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন লোগোর খবর জানিয়েছেন বুবলী। এর আগে কোরিওগ্রাফার গৌতম সাহার সঙ্গে একটি ভিডিও বার্তায় দেখা গেছে তাকে। সেখানে আগামী বছরের জানুয়ারিতে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা জানিয়েছেন দুজন। দীর্ঘ বিরতির পর এটিই তার জনসমক্ষে ফেরার একটি ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে।

অভিনয়ে ফেরার বিষয়েও কিছুটা অগ্রগতি রয়েছে। নির্মাতা জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফেরার কথা শোনা গেলেও পরিকল্পনায় পরিবর্তন এসেছে। পরিচালকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী জানুয়ারিতে ঢাকেশ্বরী মন্দিরে বুবলীর অংশের দৃশ্য ধারণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া নতুন সিনেমার বিষয়ে একাধিক পরিচালকের সঙ্গে তার কথাবার্তা চলছে বলেও জানা গেছে।

তবে কবে থেকে নিয়মিত অভিনয়ে ফিরবেন, সে বিষয়ে বুবলীর পক্ষ থেকে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি। আপাতত নতুন মাতৃত্ব ও ব্যক্তিগত সময় কাটানোর মধ্যেই রয়েছেন এই অভিনেত্রী। ফলে পর্দায় তার প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকতে হচ্ছে ভক্তদের।