ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু

সাভারে পুলিশের অভিযানের সময় ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে রহস্যজনকভাবে নিহত হয়েছেন থানা ছাত্রদলের সহ-সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মনোয়ার হোসেন বকশী। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহতের পিতা মুহম্মদ জাফর আলী জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে পুলিশের একটি দল এসে কেন্দ্রের আবাসিক এলাকায় তাদের ৫ তলা ভবনের ৪ তলায় প্রবেশ করে তল্লাশি করে। পুলিশ তার দুই ছেলে ও মেয়ের ঘরের নাতি শাহরিয়ার কবির সৌমিককে খোঁজ করেন।

এসময় একজন পুলিশ সদস্য দৌড়ে ছাদে যান। এ ঘটনার কিছুক্ষন পরই বিকট শব্দে বাসার নীচে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পান। এ সময় পুলিশ ও বাসার সদস্যরা নীচে নেমে মনোয়ার হোসেন বকশীর নিথর দেহ পড়ে থাকতে দেখতে পান। এ দৃশ্য দেখার পর পুলিশ ঘটনা স্থলে না দাড়িয়ে এবং তাকে উদ্ধার না করে তড়িঘড়ি করে স্থান ত্যাগ করে।

পরবর্তীতে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান রংপুরের পীরগাছা থানা এলাকায় নিহতের ভাগ্নে শাহরিয়ার কবির সৌমিক মিমি আকতার নামে ১৫ বছর বয়সের এক মেয়েকে অপহরন করেছে মর্মে মামলা রয়েছে। এ মামলায় মামা মনোয়ার হোসেন বকশীও আসামী ছিলেন।

পীরগাছা থানার এস আই মনোরঞ্জন বর্মন থানার রিকুইজেশান নিয়ে সাভার মডেল থানায় আসলে সাভার থানার একজন এস আইকে নিয়ে আসামীকে ধরতে গিয়েছিল। পরবর্তীতে আসামী ছাদ থেকে লাফ দিলে তার মৃত্যু হয়। এক প্রশ্নের জবাবে তিনি পীরগাছা থানার পুলিশ টিমের কিছু না বলে তড়িঘড়ি করে চলে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তাদের এমন ভাবে চলে যাওয়া ঠিক হয়নি।

নিহতের পিতা মুহম্মদ জাফর আলী এ ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষ ছেলে হত্যার বিচার দাবি করেছেন। 

ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি তমিজ উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার অবিলম্বে মনোয়ার হোসেন বকশি হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।