দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে হেরে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী প্রযোজক, নাট্যকার, পরিচালক মাতিয়া বানু শুকু। ৫৬ বছর বয়সে তার এই চলে যাওয়া মেনে নিতে পারছেন না সহকর্মী-শুভাকাঙ্ক্ষীরা। জীবন বাস্তবতার করুণ মুহূর্তে দাঁড়িয়ে ব্যথিত তার সতীর্থরা।
মাতিয়া বানু শুকুর সঙ্গে অভিনেত্রী তানভীন সুইটির সম্পর্ক বহু পুরোনো। জীবনের নানা বাঁকে তারা একসঙ্গে পথ পাড়ি দিয়েছেন। স্মৃতির পাতা উল্টে তানভীন সুইটি বলেন, “শুকু আপা, খুব ভালো মনের মানুষ ছিলেন। ভালো মানুষ তো এখন খুঁজে পাওয়াই যায় না। ছোটবেলা থেকে শুকু আপাকে চিনি। আমরা একই স্কুলে পড়েছি, তারপর বড় হয়ে আবার দেখা চারুকলায়। এরপর তো আমাদের গন্তব্যও একই দিকে ছিল।”
মাতিয়া বানু শুকুকে শেষবারের মতো দেখতে না পারার আক্ষেপ নিয়ে তানভীন সুইটি বলেন, “আজ নানা কারণে আপনার সঙ্গে শেষ দেখাটাও হলো না। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। আমরা সবাই কোথায় হারিয়ে গেলাম! কিছুই করতে পারলাম না আপনার জন্য।”
অভিনেত্রী স্বাগতার বিয়েতে মাতিয়া বানু শুকুর সঙ্গে শেষ দেখা তানভীন সুইটির। সেদিনের স্মৃতিচারণ করে এই অভিনেত্রী বলেন, “শেষ দেখা হয়েছিল স্বাগতার বিয়ের অনুষ্ঠানে। একটা লাল জামদানি শাড়ি পরে এসেছিলেন শুকু আপা। কী যে সুন্দর লাগছিল আপনাকে! আমি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আপনার দিকে। আর কখনো আমাদের দেখা হবে না, হয়তো পরপারে আবার দেখা হবে। আপনার আত্মার শান্তি কামনা করছি।”
ক্যানসারের পাশাপাশি কিডনি জটিলতায়ও ভুগছিলেন মাতিয়া বানু শুকু। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মাতিয়া বানু শুকু দেশের টেলিভিশন অঙ্গনের একজন মেধাবী ও সৃজনশীল নির্মাতা। দুই দশকের বেশি সময় ধরে ছোটপর্দা ও চলচ্চিত্রে কাজ করছেন। মধ্যবিত্ত জীবন ও সামাজিক বাস্তবতার নানা দিক উঠে এসেছে তার নির্মাণে। ‘টু-লেট’ টিভি সিরিজ দিয়ে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন শুকু। ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’, ‘গোল্লাছুট’-এর মতো টেলিফিল্ম ও ধারাবাহিক রচনা ও পরিচালনা করেছেন তিনি।
ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু। ব্যক্তিগত জীবনে পরিচালক নূরুল আলম আতিকের সঙ্গে ঘর বাঁধেন তিনি। ২০২১ সালে মুক্তি পায় ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্র। এটি পরিচালনা করেন নূরুল আলম আতিক। এ সিনেমার প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন মাতিয়া বানু শুকু।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.