সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন মানেই সৌন্দর্য আর গ্ল্যামারের ঝলক। সিনেমায় অভিনয়ের পাশাপাশি বিশ্বজুড়ে নানা মঞ্চে দেখা যায় তার ঝলমলে উজ্জ্বল উপস্থিতি। সেই ধারা অব্যাহত রেখে আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আবারও নিজের সৌন্দর্য ও ব্যক্তিত্বের ঝলক দেখাতে প্রস্তুত বলিউডের এ অভিনেত্রী। প্যারিস ফ্যাশন উইকের বহুল আলোচিত ‘লে দেফিলে’ আয়োজনে আবারও র্যাম্পে হাঁটবেন সাবেক এ বিশ্বসুন্দরী।
আগামী ২৮ সেপ্টেম্বর আইফেল টাওয়ারের সামনে প্লাস জফ্রে এলাকায় বসবে তারকাখচিত এ আয়োজন। আর তার এ উপস্থিতি আর মোহনীয় দৃষ্টির ভুবন ভোলানো হাসি দোলা দেয় হৃদয়ে। বয়সকে হার মানিয়ে আজও তিনি যেন চিরসবুজ, চির যৌবনা। ফরাসি প্রসাধনী ব্র্যান্ড লরিয়াল প্যারিসের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘লে দেফিলে’র নবম আসর।
এবারের আয়োজনের মূল ভাবনা ‘নিজের যোগ্যতা প্রকাশ করো’— এ প্রতিপাদ্যে আলোচিত ‘লে দেফিলে’ নারীর আত্মবিশ্বাস, বৈচিত্র্য, পারস্পরিক সংহতি ও অন্তর্ভুক্তিকে গুরুত্ব দিয়েই সাজানো হয়েছে এবারের আয়োজন। সব মিলিয়ে প্যারিসের মঞ্চে ঐশ্বরিয়ার উপস্থিতি নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। র্যাম্পে তার প্রত্যাবর্তনে রূপ ও সৌন্দর্যের ঝলকে নতুন করে নজর কাড়বেন এই বলিউড তারকা এমন প্রত্যাশাই এখন ভক্তদের।
প্রসাধনী ব্র্যান্ড লরিয়াল প্যারিসের দূত হিসেবে কাজ করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ফলে এবারের আয়োজনেও তার উপস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। র্যাম্পে তার প্রত্যাবর্তনকে শক্তি, আত্মবিশ্বাস ও নিজস্ব সৌন্দর্যবোধের প্রতীক হিসেবে তুলে ধরছেন আয়োজকরা। তবে শুধু র্যাম্পে হাঁটাই নয়, এবারের আয়োজন ঘিরে থাকছে সৌন্দর্যপণ্যের নতুন সংযোজনও।
ভারতীয় ত্বকের রঙের কথা মাথায় রেখে বাজারে আসছে লরিয়াল প্যারিসের নতুন ‘রানওয়ে ম্যাট কালেকশন’। এতে থাকবে ‘ইনফ্যালিবল ম্যাট রেজিস্ট্যান্স’ তরল লিপস্টিকের পাঁচটি নতুন গাঢ় রঙ। এর মধ্যে বিশেষ আকর্ষণ ‘৪২৩ অডাসিয়াস রেড’। প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে ঐশ্বরিয়ার ঠোঁটেও দেখা যাবে এই রঙ। ফলে তার সাজ ও সৌন্দর্য নিয়েও দর্শকদের আগ্রহ থাকছে আলাদা করে।
এর আগে ২০১৭ সালে যাত্রা শুরু করা ‘লে দেফিলে’ ইতোমধ্যে ফ্যাশন, সৌন্দর্য ও বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত আয়োজন হয়ে উঠেছে। এবারের মঞ্চেও আন্তর্জাতিক অঙ্গনের একঝাঁক তারকার উপস্থিতি থাকছে। ঐশ্বরিয়ার সঙ্গে একই আয়োজনে দেখা যাবে সিমোন অ্যাশলি, ভায়োলা ডেভিস, কারা ডেলেভিন, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া, অ্যান্ডি ম্যাকডাওয়েলসহ আরও অনেক তারকাকে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.