ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও রয়েছে তার সরব উপস্থিতি। সামাজিক মাধ্যমে তার ব্যক্তিগত জীবন ও নানা বিষয়ে দেওয়া বক্তব্য নিয়েও নেটিজেনদের মাঝে আলোচনা হয়। এবার ছেলের জন্মদিনে আদালতে হাজিরা দিতে গিয়ে নিজের আক্ষেপের কথা তার ভক্ত-অনুরাগীসহ নেটিজেনদের মাঝে তুলে ধরেন এ অভিনেত্রী। একই সঙ্গে নিজেকে ‘রাজনৈতিকভাবে ফাঁসানো ব্যক্তি’ বলেও উল্লেখ করেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) সকালে জুলাই-সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে জজকোর্টে যান অভিনেত্রী সোহানা সাবা। সেখানে একটি ভিডিওবার্তায় ছেলের জন্মদিনে আদালতে আসতে বাধ্য হওয়ায় নিজের হতাশার কথা তুলে ধরেন তিনি। অভিনেত্রী বলেন, আজ তার একমাত্র ছেলের জন্মদিন। এমন একটি বিশেষ দিনে ছেলেকে সময় দেওয়ার পরিবর্তে, নিজের সব পরিকল্পনা বাদ দিয়ে আদালতে হাজিরা দিতে হয়েছে তাকে।
সামাজিক মাধ্যমে ভিডিও পোস্টের ক্যাপশনে ক্ষোভ প্রকাশ করেছেন সোহানা সাবা। সেখানে সমালোচকদের উদ্দেশে ‘অক্ষত’, ‘ফেকু প্রোফাইল’ ও ‘বিদেশে বসে দেশ উদ্ধার’-এর মতো শব্দবন্ধ ব্যবহার করেন অভিনেত্রী। একই সঙ্গে সমালোচকদের চেহারা ও মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন সোহানা সাবা।
ছেলের জন্মদিনে আদালতে হাজিরা দেওয়া এবং নিজেকে রাজনৈতিকভাবে ফাঁসানো ব্যক্তি হিসেবে নিজেকে উল্লেখ করে দেওয়া সোহানা সাবার এ ভিডিওবার্তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে জুলাই-সংক্রান্ত মামলাটির বিস্তারিত তথ্য অভিনেত্রীর বক্তব্যে পাওয়া যায়নি।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.