চলতি বছরের পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেই হিসেবে আগামী ২০ মার্চ (শুক্রবার) সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
ইমেরাতস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী এবার রমজান মাস ৩০ দিনের হতে পারে। তিনি উল্লেখ করেন, আগামী ১৮ মার্চ (বুধবার) আকাশে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। ফলে এর পরদিন অর্থাৎ ১৯ মার্চ শাওয়াল মাস শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
আরবি শাওয়াল মাসের চাঁদ জন্ম নেয়ার সম্ভাব্য সময় উল্লেখ করে আল জারওয়ান বলেন, ১৯ মার্চ বৃহস্পতিবার দুবাই সময় ভোর ৫টা ২৩ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ওইদিন সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট পর্যন্ত চাঁদ দিগন্তের উপরে অবস্থান করবে। যদি আবহাওয়া ও দৃশ্যমানতা অনুকূলে থাকে, তবে ওই সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ২০ মার্চ শুক্রবার শাওয়াল মাসের প্রথম দিন বা ঈদুল ফিতর পালিত হতে পারে।
আল জারওয়ান আশা প্রকাশ করেন, জ্যোতির্বিজ্ঞানের এই সূচকগুলোর ওপর ভিত্তি করে বিশ্বের অধিকাংশ মুসলিম দেশ এবার রমজানের সমাপ্তি এবং শাওয়াল মাস শুরুর বিষয়ে একই সিদ্ধান্তে পৌঁছাবে।
তবে তিনি এটিও স্পষ্ট করেছেন যে, প্রতি বছরের মতো এবারও চাঁদ দেখার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সংশ্লিষ্ট দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে। ধর্মীয় ও পর্যবেক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করা হবে।
সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ শুরু হয়। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে ২০ মার্চ ঈদ হলে বাংলাদেশে ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর উদ্যাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.