কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বাসায় সম্প্রতি সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার এবং একইসঙ্গে তিনজনকে গ্রেফতার করা হয়েছে শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি হাসনাত আবদুল্লাহর বাসায় সেনা অভিযানের নয় এবং তার বাসায় এমন কোনো অভিযানও হয়নি। প্রকৃতপক্ষে, সাভারে যৌথ বাহিনীর অভিযানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও তার তিন সঙ্গীকে অস্ত্রসহ গ্রেফতারের ঘটনাকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে গত ৯ ফেব্রুয়ারিতে একাত্তর টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।
ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি সাভারে সেনা অভিযানের দৃশ্য।
পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে অনলাইন গণমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটে আলোচিত বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনের বিস্তারিত অংশ থেকে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি সাভারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা নাহিদসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
তাছাড়া, হাসনাত আবদুল্লাহর বাসায় সেনা অভিযানের দাবির বিষয়ে দেশীয় মূলধারার সংবাদমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রেও কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।
সুতরাং, সাভারে যৌথ বাহিনীর অভিযানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও তার তিন সঙ্গীকে অস্ত্রসহ গ্রেফতারের ঘটনাকে হাসনাত আবদুল্লাহর বাসায় সেনা অভিযান দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.