সালাম মুর্শেদী দুই দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এদিন সালাম মুর্শেদীর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক। সালাম মুর্শেদীর পক্ষে সিনিয়র আইনজীবী এহেসানুল হক সমাজী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়।

ছাত্র আন্দোলনকালে গত ৫ আগস্ট সকাল ১১টার দিকে রুবেলসহ কয়েকশ মানুষ আদাবর থানাধীন রিং রোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করেন। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালান। এতে রুবেল গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় মামলা করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।