ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ‘শিকার’ সিনেমার শুটিং করেছেন তিনি। কামরুজ্জামান রোমান পরিচালিত এ সিনেমাটির বড় একটি অংশের শুটিং হয়েছে নেপালে। তবে সিনেমাটির বাকি কাজ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।
কারণ সিনেমাটির নায়ক মর্তুজা পলাশ বর্তমানে কারাগারে আছেন। ‘শিকার’ সিনেমায় অপু বিশ্বাস ও মর্তুজা পলাশের সঙ্গে আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার, পশ্চিমবঙ্গের কৌতুক অভিনেতা খরাজ মুখার্জি, শক্তিমান অভিনেতা রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্যসহ আরও অনেকেই।
অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নায়ক-নায়িকার সঙ্গে কাজ করেছেন। ফলে তার চোখে সেরা নায়ক-নায়িকার তালিকায় কারা রয়েছেন, ঢালিউডের সেরা নায়ক কে? সেরা নায়িকা কে? সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, ‘আমার চোখে সবাই সেরা।’ এরপর নায়িকাদের প্রসঙ্গ উঠলে অপু বিশ্বাস কয়েকজনের নাম বলেন। তারা হলেন— মৌসুমী, পূর্ণিমা, শাবনূর ও পপি। এ সময় উপস্থাপিকা বলেন, ‘চারজন হয়ে গেছে।’
এবার অপু বিশ্বাস হাসতে হাসতে বলেন, ‘আরেকজন আমি।’ নিজের নাম তালিকায় যুক্ত করেই হেসে উঠেন অভিনেত্রী। সাক্ষাৎকারে নায়িকাদের তালিকায় নিজের নাম যুক্ত করার মুহূর্তটিই ছিল সবচেয়ে হাস্যরসাত্মক।
পরে নায়কদের নাম জানতে চাইলে অপু বিশ্বাস পাঁচজনের নাম বলেন। এ তালিকায় রয়েছেন রিয়াজ, ফেরদৌস, আমিন খান, শাকিব খান ও শাকিল খান। তবে নিজের পছন্দের তালিকাকে কোনো আনুষ্ঠানিক ‘সেরা’ নির্বাচন হিসেবে না দেখে ব্যক্তিগত পছন্দ হিসেবেই উল্লেখ করেছেন অপু বিশ্বাস।
তবে এ অভিনেত্রীর তালিকায় ঢালিউডের জনপ্রিয় ও আলোচিত একাধিক তারকার নাম রয়েছে। দীর্ঘ অভিনয়জীবনে তাদের অনেকের সঙ্গেই পর্দা শেয়ার করে নিয়েছেন অপু বিশ্বাস।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.