গর্ভবতী থাকাকালীন দিনে ১০০ সিগারেট খেয়েছিলেন সোনি

মাতৃত্ব মানেই কি পেশাদার জীবন থেকে লম্বা বিরতি? সে ধারণাকে বহু আগেই বুড়ো আঙুল দেখিয়েছেন বলিউড তারকা আলিয়া ভাট। অন্তঃসত্ত্বা অবস্থাতেও দমে থাকেননি তিনি। ২০২২ সালে গর্ভাবস্থাতেই হলিউডের ছবি ‘হার্ট অব স্টোন’-এর মারকাট অ্যাকশন দৃশ্যে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন। কাজের সঙ্গে মাতৃত্বের এই অপূর্ব ভারসাম্য কি তিনি মায়ের কাছ থেকেই পেয়েছেন?

সম্প্রতি এক সাক্ষাতকারে সেই জল্পনাতেই যেন আলো ফেললেন আলিয়ার মা, প্রবীণ অভিনেত্রী সোনি রাজদান। নিজের গর্ভাবস্থার স্মৃতিচারণা করতে গিয়ে তিনি তুলে ধরেছেন সেকালের এক অন্যরকম চিত্র।

সাক্ষাতকারে সোনি জানান, প্রথমবার মা হওয়ার সময় তিনি ব্যস্ত ছিলেন জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘বুনিয়াদ’-এর শুটিংয়ে। রমেশ সিপ্পী ও জ্যোতি স্বরূপের পরিচালনায় তৈরি সেই ধারাবাহিকের স্মৃতিচারণা করে অভিনেত্রী বলেন, ‘ওরা আমার ভীষণ যত্ন নিতেন। তখন সবে বিয়ে হয়েছে, থাকি লোখন্ডওয়ালায়। সকালে শুটিংয়ে যাওয়ার মতো নিজস্ব কোনো গাড়ি ছিল না, গাড়ি পাওয়াও ছিল বেশ কঠিন। কিন্তু ওরা ভোর ছ’টায় আমার জন্য গাড়ি পাঠিয়ে দিতেন। সেটে আমাকে সবচেয়ে আরামদায়ক ঘরটি দেওয়া হতো।’

১৯৮৮ সালে মহেশ ভাট ও সোনির প্রথম সন্তান শাহীনের জন্ম হয়। এর পর ১৯৯৩ সালে স্বামীরই পরিচালনায় ‘গুমরাহ’ ছবির কাজ করার সময়ে ফের অন্তঃসত্ত্বা হন সোনি। আর তখন তার গর্ভে আলিয়া।
সেই সময়ের একটি রোমহর্ষক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সোনি জানান, ছবিটিতে ধূমপানের একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে একদিনে প্রায় ১০০টি সিগারেট খেতে হয়েছিল তাকে। অভিনেত্রী বলেন, ‘তখন তো জানতামই না যে আমার গর্ভে আলিয়া রয়েছে! আমি এমনিতে ধূমপান করি না। কিন্তু ওই একটানা শুটিংয়ের পর অদ্ভুতভাবে আমার সিগারেট খাওয়ার ইচ্ছে চেপে বসেছিল।’

শুধু ধূমপানের দৃশ্যই নয়, ওই অবস্থাতেই ছবির একটি বিখ্যাত ফাঁসির দৃশ্যের শুটিংও করেছিলেন তিনি। এরপর পাঁচ মাসের লম্বা বিরতি নেন সোনি। সেই বিরতি কাটিয়ে যখন আবার শুটিংয়ে ফেরেন, তখন আর পুরোনো পোশাকে ধরছিল না। হাসিমুখে তিনি বলেন, ‘তত দিনে পেট সামান্য একটু বড় হয়েছে। তাই বাধ্য হয়েই নতুন করে পোশাক তৈরি করাতে হয়েছিল।’

সেকালের সঙ্গে একুশ শতকের কর্মসংস্কৃতির অনেক তফাত রয়েছে বলেই মনে করেন সোনি। বর্তমান সময়ের পরিবর্তনকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘এখনকার প্রযোজক, পরিচালক ও অভিনেতাদের ভাবনাচিন্তা অনেকটাই বদলে গেছে। আলিয়াকে যে আজ মা হওয়ার বিষয়টি লুকিয়ে রাখতে হয় না, এটা ভেবেই আমার দারুণ লাগে।’

অতীতে অভিনেত্রীদের মাতৃত্বের বিষয়টি একরকম গোপনীয়ই রাখতে হতো বলে জানান সোনি। তার কথায়, ‘আগে অনেকেই সন্তান থাকার কথা লুকিয়ে রাখতেন। প্রযোজকদের ভয় ছিল, বাচ্চা অসুস্থ হলে হয়তো শুটিং ফেলে বাড়ি চলে যাবেন অভিনেত্রী।’ সময়ের পালাবদলে ইন্ডাস্ট্রিতে এই ইতিবাচক পরিবর্তন এসেছে বলেই আজ মায়েরা পেশাদার জীবন ও মাতৃত্বের মেলবন্ধন খুব সুন্দরভাবে ঘটাতে পারছেন বলে মনে করেন তিনি।