মানুষকে কামড়ে ‘জয়’ থেকে হয়ে যান ‘টাইগার’

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে ঘিরে সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা। এর মধ্যেই সামনে এসেছে অভিনেতার নামের পেছনের এক মজার শৈশবের গল্প। জন্মের সময় তার নাম রাখা হয়েছিল জয় হেমন্ত শ্রফ। কিন্তু, ছোটবেলায় আশপাশের মানুষকে কামড়ে দেওয়ার অভ্যাস থেকেই কীভাবে তার নাম হয়ে গেল ‘টাইগার’; এক সাক্ষাৎকারে সেই গল্প শুনিয়েছিলেন অভিনেতা নিজেই।

১৯৯০ সালের ২ মার্চ অভিনেতা জ্যাকি শ্রফ ও আয়েশা শ্রফের ঘরে জন্ম নেন টাইগার। জন্মের সময় তার নাম রাখা হয় জয় হেমন্ত শ্রফ। তবে, ছোটবেলার একটি অদ্ভুত অভ্যাসের কারণে তার ডাকনাম হয়ে যায় টাইগার। পরে সেই নামেই পরিচিতি পান তিনি।
মানুষকে কামড়ে দিতেন ছোটবেলায়

২০১৪ সালের মে মাসে হিন্দুস্তান টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের নামের পেছনের গল্প জানিয়েছিলেন টাইগার। অভিনেতা বলেছিলেন, “ছোটবেলায় আমি কামড়াতাম… আশপাশের সবাইকে কামড়ে দিতাম।”

এই অভ্যাসের কারণে কখনো কখনো বিপদেও পড়তে হতো তাকে। স্কুলে একবার নিজের শিক্ষককেও কামড়ে দিয়েছিলেন টাইগার। সেই ঘটনার কথা স্মরণ করে তিনি বলেন, “স্কুলে আমি আমার শিক্ষককে কামড়ে দিয়েছিলাম। এ জন্য শাস্তিও পেতে হয়েছিল।”

২০২৪ সালে অক্ষয় কুমারের সঙ্গে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ সিনেমার প্রচারের সময় ইউটিউব চ্যানেল কার্লি টেলসেও একই গল্প শুনিয়েছিলেন টাইগার। তিনি বলেন, “ছোটবেলায় আমি মানুষকে কামড়ে দিতাম। আর এভাবেই মোটামুটি আমার নামটা হয়ে যায়।”অভিনেতার মুখে এ কথা শুনে মজা পেয়েছিলেন অক্ষয় কুমার। প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, “এটা তো দারুণ!”

জয় হেমন্ত থেকে টাইগার হওয়ার গল্প

নিজের জন্মের নাম কীভাবে রাখা হয়েছিল, সেটিও ব্যাখ্যা করেছেন টাইগার। তার বাবা জ্যাকি শ্রফের আসল নাম জয়কিশন। অন্যদিকে, তার এক চাচার নাম হেমন্ত। এই দুই নাম মিলিয়েই রাখা হয়েছিল জয় হেমন্ত শ্রফ।

টাইগার বলেন, “মানুষকে অভিবাদন জানানোর সময় স্নেহ প্রকাশের এটাই ছিল আমার উপায়। আমি সরাসরি কামড়ে দিতাম। আমার নাম ছিল জয় হেমন্ত। আমার বাবার নাম জয়কিশন, যা সিনেমায় এসে জ্যাকি হয়ে যায়। আমার চাচার নাম হেমন্ত। এভাবেই আমার নাম হয় জয় হেমন্ত শ্রফ।”

এরপর অভিনেতা বলেন, “ছোটবেলা থেকেই সবাই আমাকে টাইগার বলে ডাকত। এভাবেই নামটা থেকে যায়। সিনেমার জগতেও আমি আনুষ্ঠানিকভাবে নিজের নাম পরিবর্তন করেছি।”

এক দশকের বেশি সময় ধরে বলিউডে

২০১৪ সালে কৃতি শ্যাননের বিপরীতে ‘হিরোপান্তি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় টাইগার শ্রফের। এরপর এক দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রে কাজ করছেন তিনি। অ্যাকশনধর্মী সিনেমা, দুর্দান্ত নাচ এবং মার্শাল আর্টের দক্ষতার জন্য পরিচিত এই অভিনেতার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘বাঘি ফ্র্যাঞ্চাইজি’, ‘ওয়ার, হিরোপান্তি’ এবং ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’।

তার পরবর্তী সিনেমার তালিকায় রয়েছে জাহ্নবী কাপুরের সঙ্গে ‘লাগ যা গালে’, ‘র‍্যাম্বো’ এবং বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে একটি অ্যাকশনধর্মী সিনেমা।