হলিউডের সাবেক তারকা জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের দীর্ঘদিনের আইনি বিরোধের অবসান হয়েছে। ফ্রান্সের শাতো মিরাভাল নামের ওয়াইনারির মালিকানা ও শেয়ার বিক্রি নিয়ে তাদের মধ্যে এই বিরোধ চলছিল। শেষ পর্যন্ত আদালতের বাইরে সমঝোতা করেছেন তারা। তবে, ওয়াইনারির নতুন মালিককে নিয়ে পিটের আইনি লড়াই এখনো চলছে।
বুধবার (২৬ নভেম্বর) জোলি ও পিট সমঝোতার বিষয়টি নিশ্চিত করেন। তবে, কী শর্তে এই সমঝোতা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তারা। এক যৌথ বিবৃতিতে সাবেক এই দম্পতি বলেন, পরিবারের স্বার্থের কথা ভেবেই তারা আদালতের বাইরে বিরোধ মিটিয়ে নিয়েছেন।
হানিট্র্যাপ: গুপ্তচরবৃত্তির আলোচিত ৫ সিনেমা
বিবৃতিতে তারা বলেন, “আমরা আমাদের পরিবারের স্বার্থে আদালতের বাইরে সমঝোতায় পৌঁছেছি। এ বিষয়ে আর কোনো মন্তব্য করব না।”
সমঝোতা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়েও নিজেদের অবস্থান জানিয়েছেন তারা। পিপল ম্যাগাজিনের বরাতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “সংবাদমাধ্যমের প্রতিবেদনে সূত্রের বরাতে যেসব মন্তব্য প্রকাশিত হয়েছে, সেগুলো আসলে আমাদের কারও কাছ থেকে কিংবা আমাদের ঘনিষ্ঠ কারও কাছ থেকে আসেনি।”
ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির ছয় সন্তান রয়েছে। ১২ বছর একসঙ্গে থাকার পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। তবে, বিচ্ছেদের পরও ফ্রান্সের শাতো মিরাভাল ওয়াইনারির মালিকানা নিয়ে তাদের আইনি বিরোধ চলছিল।
যেভাবে শুরু হয়েছিল বিরোধ
দ্য হলিউড রিপোর্টার-এর তথ্য অনুযায়ী, ২০০৮ সালে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে প্রায় ১ হাজার ২০০ একর জমির ওপর থাকা শাতো মিরাভাল এস্টেটটি কিনেছিলেন পিট ও জোলি। এই সম্পত্তিতেই তাদের বিয়ের অনুষ্ঠান হয়েছিল। কিন্তু, বিচ্ছেদের পর সেটিই দুজনের বিরোধের কারণ হয়ে দাঁড়ায়।
বিচ্ছেদের পর নিজের অংশ পিটের কাছে বিক্রি করতে চেয়েছিলেন জোলি। কিন্তু, এ নিয়ে আলোচনার সময় একটি গোপনীয়তা চুক্তি নিয়ে তাদের মধ্যে মতবিরোধ হয়। আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, পিট চেয়েছিলেন, জোলি এমন একটি চুক্তিতে স্বাক্ষর করুন, যাতে বিচ্ছেদের সঙ্গে জড়িত নির্যাতনের অভিযোগ নিয়ে তিনি প্রকাশ্যে কথা বলতে না পারেন।
জোলি এই শর্তে রাজি হননি। পরে তিনি ওয়াইনারির ৫০ শতাংশ মালিকানা রুশ ধনকুবের ব্যবসায়ী ইউরি শেফলারের কাছে বিক্রি করেন। এই চুক্তির মূল্য ছিল প্রায় ৬ কোটি ৪০ লাখ ডলার।
২০২২ সালে পিট অভিযোগ করেন, জোলি তাদের মধ্যে থাকা একটি অলিখিত চুক্তি ভেঙেছেন। ওই চুক্তি অনুযায়ী, একজনের সম্মতি ছাড়া অন্যজন ব্যবসাটিতে নিজের অংশ বিক্রি করতে পারবেন না। এ অভিযোগে জোলির বিরুদ্ধে মামলা করেন পিট। পরে জোলিও পাল্টা মামলা করেন। এ সময় ২০১৬ সালে একটি ব্যক্তিগত বিমানে ঘটে যাওয়া ঘটনার অভিযোগও সামনে আনেন তিনি।
জোলির অভিযোগ, ওই বিমানে পিট তাকে ‘মাথা ধরে ঝাঁকুনি দিয়েছিলেন’, ‘এক সন্তানকে শ্বাসরোধ করেছিলেন’ এবং ‘অন্য এক সন্তানের মুখে আঘাত করেছিলেন’।
তবে, সে সময় পিটের একজন প্রতিনিধি এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি অভিযোগ করেন, নিজের চাওয়া পূরণ না হওয়ায় জোলি বারবার ঘটনার বর্ণনা বদলাচ্ছেন।
পিটের ওই প্রতিনিধি বলেন, “ছয় বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে জোলি বারবার নতুন করে বর্ণনা দিচ্ছেন, পরিবর্তন করছেন এবং কল্পনার রং চড়াচ্ছেন। প্রতিবার নিজের চাওয়া পূরণে ব্যর্থ হয়ে তিনি সম্পূর্ণ মিথ্যা তথ্য যোগ করছেন। তার গল্প ক্রমাগত পরিবর্তিত হচ্ছে।”
শেফলারের সঙ্গে পিটের আইনি লড়াই এখনো চলছে
জোলি ও পিটের মধ্যে ওয়াইনারি বিক্রি নিয়ে সমঝোতা হলেও নতুন মালিক ইউরি শেফলার এবং তার প্রতিষ্ঠান টেনুতে দেল মন্দোর সঙ্গে পিটের আইনি বিরোধ এখনো শেষ হয়নি।
পিটের অভিযোগ, জোলির কাছ থেকে ওয়াইনারির মালিকানা কিনতে শেফলার গোপনে তার সঙ্গে সমঝোতা করেছিলেন। আদালতের কাছে পিটের দাবি, শেফলার যে দামে শেয়ার কিনেছেন, একই দামে তাকেও জোলির বিক্রি করা শেয়ার কেনার সুযোগ দিতে হবে। পাশাপাশি ক্ষতিপূরণও দাবি করেছেন তিনি। তবে কত টাকা ক্ষতিপূরণ চান, তা জানাননি।
অভিনয় নিয়ে ব্যস্ত পিট ও জোলি
ব্যক্তিগত জীবনে নানা টানাপোড়েন থাকলেও অভিনয় ও প্রযোজনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ব্র্যাড পিট। সম্প্রতি ‘এফ১’ ও ‘হার্ট অব দ্য বিস্ট’-এর মতো বড় বাজেটের সিনেমায় কাজ করেছেন তিনি। পাশাপাশি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান প্ল্যান বি এন্টারটেইনমেন্টের মাধ্যমেও কাজ চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে, কিছুদিন অভিনয় থেকে দূরে থাকার পর ‘মারিয়া’ সিনেমার মাধ্যমে পর্দায় ফেরেন জোলি। এতে কিংবদন্তি অপেরা শিল্পী মারিয়া কালাসের চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা পান তিনি।
বর্তমানে পিটের বয়স ৬২ বছর এবং জোলির ৫১ বছর। দীর্ঘ সম্পর্ক, বিচ্ছেদ ও বিবাহবিচ্ছেদের পরও ওয়াইনারির মালিকানা নিয়ে তাদের বিরোধ চলছিল। আদালতের বাইরে সমঝোতার মধ্য দিয়ে আপাতত সেই বিরোধের অবসান হলো। তবে শেফলারের সঙ্গে পিটের আইনি লড়াই এখনো বাকি।
- ইন্ডিয়া টুডে অবলম্বনে
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.