ফের ঢাকায় পপ গায়িকা ওটিলিয়া

চার বছর পর আবারো ঢাকায় এসেছেন রোমানিয়ার জনপ্রিয় পপ গায়িকা ওটিলিয়া ব্রুমা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছান ‘বিলিয়নেরা’খ্যাত এই তারকা। ‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টে গান শুনাতে তার এই সফর।

বাংলাদেশে পা রেখেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভক্তদের উদ্দেশে উচ্ছ্বাস প্রকাশ করে ওটিলিয়া লিখেছেন, “হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের এই সুন্দর শহরে পৌঁছে গেছি। এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত, আর আমার সব অসাধারণ ভক্তদের সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, খুব শিগগির দেখা হচ্ছে।”

শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে বসবে অনুষ্ঠিত হবে ওটিলিয়ার কনসার্ট। আন্তর্জাতিক সংগীতের সঙ্গে দেশীয় সুরের মেলবন্ধন ঘটাতে এ কনসার্টে বাড়তি চমক হিসেবে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড। অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইতে কনসার্টের অগ্রিম টিকেট পাওয়া যাচ্ছে।

২০২২ সালের ২২ জুলাই প্রথমবার বাংলাদেশ সফরে আসেন ওটিলিয়া। সেই যাত্রায় লাল টুকটুকে শাড়ি পরে এ দেশের মানুষের আবেগ উসকে দিয়েছিলেন এই শিল্পী।

ওটিলিয়ার জন্ম রোমানিয়ায়। রোমানিয়ার সুসেভার একটি গ্রামে কেটেছে তার শৈশব। ওটিলিয়া নিজের অতীত কখনো লুকিয়ে রাখতে পছন্দ করেন না। গ্রামের যে পরিবারে দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠেছেন, তা বিভিন্ন সাক্ষাৎকার ও ভিডিওতে জানিয়েছেন এই শিল্পী।