বলি

পুরস্কার হিসেবে ‘বলী’ পাচ্ছে ৩৩ লাখ টাকা

ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত সিনেমা ‘বলী’ (দ্য রেসলার)। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে নিউ কারেন্টস বিভাগে পুরস্কার জিতেছে এটি। শুক্রবার (১৩ অক্টোবর) উৎসবের সমাপনী দিনে এ পুরস্কার ঘোষণা করা হয়।

বুসান উৎসবের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। নিউ কারেন্টস বিভাগে দুটি সিনেমাকে এ পুরস্কার দেওয়া হয়। ‘বলী’ ছাড়া এ বিভাগে পুরস্কার জিতেছে জাপানের ‌মোরি তাতসুয়ার ‘সেপ্টেম্বর ১৯২৩’। পুরস্কার হিসেবে দুটো সিনেমাই পাচ্ছে ৩০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ ৭ হাজার টাকার বেশি।

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে এশিয়ার সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বলে বিবেচনা করা হয়। এ উৎসবে আলোচনায় থাকে প্রতিযোগিতামূলক শাখা নিউ কারেন্টস বিভাগ। প্রথম ও দ্বিতীয় সিনেমার নির্মাতারা এই শাখায় সিনেমা জমা দেওয়ার সুযোগ পান। এর মধ্য দিয়ে উৎসবে এশিয়ার তরুণ নির্মাতাদের আলাদা জায়গা করে দেওয়া হয়। যার জন্য এ উৎসব আলাদা ও বৈচিত্র্যপূর্ণ। প্রথমবারের মতো বাংলাদেশি কোনো সিনেমা এ পুরস্কার লাভ করলো।

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের সিনেমা ‘বলী’(দ্য রেসলার)। সিনেমাটির প্রযোজক পিপলু আর খান। সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে দেখা গেছে তাকে।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।