আরিফিন শুভ

রাজউকের প্লট পেলেন আরিফিন শুভ

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়ক আরিফিন শুভ এবার রাজউকের প্লট বরাদ্দ পেয়েছেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে অভিনেতা আরিফিন শুভকে বরাদ্দ দেওয়া হয়েছে ১০ কাঠার একটি প্লট। এ ছাড়া প্রযোজক লিটন হায়দারকে বরাদ্দ দেওয়া হয়েছে ৩ কাঠার একটি প্লট। গত ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়।

রাজউক সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৮তম বোর্ড সভাটি অনুষ্ঠিত হয় গত ২৭ নভেম্বর। এ বোর্ড সভাতেই অভিনেতা আরিফিন শুভর নামে ১০ কাঠা আয়তনের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। পরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিনেতা আরিফিন শুভর বসুন্ধরা আবাসিক এলাকার বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে বরাদ্দের এ সিদ্ধান্ত জানিয়ে দেন। এ বিষয়ে শুভর বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, প্রযোজক লিটন হায়দার গণপূর্ত মন্ত্রণালয়ে একটি প্লটের জন্য আবেদন করলে, সেই আবেদনের ভিত্তিতে মন্ত্রণালয় থেকে রাজউকের কাছে সরকারের সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ দেওয়ার জন্য বলা হয়। পরে ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভায় ভূমি বরাদ্দ বিধিমালা অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ৩ কাঠার প্লটটি লিটন হায়দারের নামে বরাদ্দ দেয়।

সর্বশেষ গত ৩১ ডিসেম্বর পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের দুজনকে প্লট বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে চিঠি দেন।

আরিফিন শুভ সর্বশেষ আলোচনায় আসেন গত বছর মুক্তি পাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার মুজিব চরিত্রে অভিনয় করে। অন্যদিকে, ২০২১ সালের ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘চিরঞ্জীব মুজিব’সহ নির্মাণাধীন আরও পাঁচ সিনেমার প্রযোজক লিটন হায়দার।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।