Chairman

শপথ নেওয়ার কিছুক্ষণ পরই জানলেন তিনি আর চেয়ারম্যান নন

বিএনপি থেকে বহিষ্কার মোকাররম হোসেন রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আজ শপথ গ্রহণ করেছেন। এর কিছুক্ষণ পরই জানতে পারেন তিনি আর চেয়ারম্যান নন।

সোমবার (১৯ আগস্ট) সকালে শপথ নেন তিনি। তবে চেয়ারম্যানের চেয়ারে আর বসা হয়নি তার।

জানা গেছে, মোকাররম হোসেন আজ বেলা ১১টায় রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চেয়ারম্যান হিসেবে শপথ নেন। এরপর গঙ্গাচড়া উপজেলা পরিষদে পৌঁছানোর আগেই জানতে পারেন, সরকারি এক প্রজ্ঞাপনে দেশের ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যানকে নিজ নিজ পদ থেকে অপসারণ করা হয়। এর মধ্যে তার গঙ্গাচড়া উপজেলা পরিষদও রয়েছে।

এ বিষয়ে মোকাররম হোসেন গণমাধ্যমকে বলেন, শপথ নিয়ে কয়েক ঘণ্টার জন্য তো চেয়ারম্যান হয়েছি।

প্রসঙ্গত, মোকাররম হোসেন রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করে বিএনপি। এরপরও তিনি নির্বাচনের মাঠে আওয়ামী লীগ নেতাকে পরাজিত করে জয়ী হন। কিন্তু পরাজিত প্রার্থী আদালতে মামলা করায় আটকে যায় শপথ। আইনি লড়াই শেষে নির্বাচনে জয়ের ৮২ দিন পর সোমবার সকালে শপথ নেন তিনি।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।