runa

নতুন চলচ্চিত্রে অভিনেত্রী রুনা খান

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। ছোটপর্দার পাশাপাশি কাজ করছেন বড় পর্দায়ও। ওজন কমিয়ে গ্ল্যামার লুকে হাজির হয়ে রীতিমতো চমকে দেন। এবার নাম লেখালেন নতুন সিনেমায়।

‘লীলা মন্থন’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করবেন রুনা খান। এটি নির্মাণ করবেন জাহিদ হোসেন। সিনেমাটি নিয়ে রুনা বলেন, “আমি কোনো কাজে যুক্ত হওয়ার আগে চিন্তা করি সেখানে যেন জীবন খুঁজে পাওয়া যায়। আসলে জীবনঘনিষ্ঠ গল্পেই কাজ করতে বেশি পছন্দ করি। ‘লীলা মন্থন’ তেমন গল্পের একটি সিনেমা। আমার চরিত্রটিও অত্যন্ত চমৎকার।”

মূলত, শিশু বিক্রির ঘটনা নিয়ে নির্মিত হবে ‘লীলা মন্থন’। গল্প প্রসঙ্গে নির্মাতা জাহিদ বলেন, ‘কেন শিশু বিক্রি হচ্ছে, বিক্রির পর তাদের কী হচ্ছে, কারা ভুক্তভোগী, এই চক্রের সঙ্গে জড়িত কারা! এই বিষয়গুলোই সিনেমায় তুলে ধরা হবে।’

শুটিংয়ের পরিকল্পনা জানিয়ে এ পরিচালক বলেন, ‘আগামী সপ্তাহে শুরু হবে ‘লীলা মন্থন’ সিনেমার শুটিং। জয়দেবপুর, গাজীপুর ও মানিকগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরে দৃশ্যধারণের কাজ শেষ করতে চাই। আগামী বছর ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে।’

‘লীলা মন্থন’ সিনেমায় রুনা ছাড়া অভিনয় করবেন, শহীদুজ্জামান সেলিম, ইমতিয়াজ বর্ষণ, অধরা খান, কানিজ সুবর্ণা, এলিনা শাম্মী, শামীমা নাজনীন, মনিরা মিঠু প্রমুখ।

এ ছাড়াও রুনা অভিনীত ‘বক’ ও ‘দাফন’ নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।