সড়ক দুর্ঘটনার কবলে জামায়াতের আমির

সড়ক দুর্ঘটনায় রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর আমির মাওলানা ড. কেরামত আলীসহ তিনজন আহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার সড়ক বিভাজকে ধাক্কা দিলে তারা আহত হন। রোববার দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী নগরের ভেড়িপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত অন্য দুজন হলেন—ড. কেরামত আলীর সফরসঙ্গী মো. আশাউদদৌলা ও গাড়িচালক রোকন উদ্দিন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন জানান, সোমবার সকালে ড. কেরামত আলী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তিনি এখন বাসায় আছেন। তবে অন্য দুজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

আশরাফুল আলম আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জে সাংগঠনিক কাজ শেষে রাতে বাসায় ফিরছিলেন ড. কেরামত আলী। পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কেরামত আলীর শরীরের কয়েকটি স্থানে জখম হয়েছে। এ ছাড়া তিনি বুকে ও পিঠে আঘাত পেয়েছেন।

দুর্ঘটনায় সফরসঙ্গী মো. আশাউদদৌলার কয়েকটি দাঁত ভেঙে গেছে। তাঁর মাথাও ফেটে গেছে। গাড়িচালক রোকনও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন। তবে তারাও এখন শঙ্কামুক্ত।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।