শিশু ধর্ষণের মামলা দ্রুত তদন্ত করার নির্দেশ আইজিপির

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, মাগুরায় শিশু ধর্ষণের মামলার তদন্ত দ্রুত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আদালতে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে এক বার্তায় তিনি বলেছেন, ভবিষ্যতে এ ধরনের কাজ কেউ করলে তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। এজন্য তদন্ত সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে, যেন তদন্ত দ্রুত সময়ের মধ্যে শেষ করা হয়। এ ঘটনায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশুটি বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

গত বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই শিশুটি। পরের দিন তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

এরপর শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন রোববার শিশুটিকে সিএমএইচে পেডিয়াট্রিক আইসিইউতে নেওয়া হয়।

শিশুটির মা গত ৮ মার্চ মাগুরা সদর থানায় চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন। মামলার আসামিরা হলেন—শিশুটির ভগ্নিপতি সজীব হোসেন (১৮) ও বোনের শ্বশুর হিটু মিয়া (৪২), সজীব শেখের অপ্রাপ্তবয়স্ক ভাই (১৭) এবং তাদের মা জাবেদা বেগম (৪০)। তাদের চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।