বিয়ের আসরে কনের ঘুম, ভিডিও ভাইরাল

চলছিল বিয়ের অনুষ্ঠান। অতিথিরাও হাজির। কিন্তু বিয়ের পিঁড়িতে বসে ঘুমে ঢুলছেন খোদ কনে। এমনি এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কনের কাণ্ড দেখে হাসাহাসি করছেন সকলে। ঘটনাটি ঘটেছে ভারতে। ভিডিওকে দেখা যাচ্ছে কনের সাজে ভারী গয়না ও জমকালো শাড়ি পরে পিঁড়িতে বসে আছেন তরুণী। প্রথমে দেখে মনে হতে পারে তিনি নীচের দিকে তাকিয়ে রয়েছেন।

কিন্তু একটু লক্ষ করলে বোঝা যাবে আসলে তিনি ঘুমোচ্ছেন। রীতিমতো ঘুমের ঘোরে নীচের দিকে ঢুলে পড়তে দেখা গিয়েছে কনেকে। পাশেই দাঁড়িয়ে কারও সঙ্গে কথা বলছিলেন পাত্র। বিয়ের আচার অনুষ্ঠান তখন চলছিল। যথাস্থানে বসে ছিলেন পুরোহিতও। কনে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। লিখেছেন, ‘‘দেখুন ঘুমন্ত কনেকে (আমি)। ভোর সাড়ে ৬টা বাজে, তবু বিয়ে শেষ হয়নি।’’

জানা গিয়েছে, সারা রাত ধরে বিয়ের আচার অনুষ্ঠান পালন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন কনে। তাই ভোরবেলা বিয়ের পিঁড়িতে বসে বসেই তাঁর চোখ বুজে এসেছিল। ঠিক সেই সময় ভিডিয়োটি রেকর্ড করেছেন কনের এক বান্ধবী।

এই ভিডিও দেখে অনেকেই মজা পেয়েছেন। অনেকে কনের সঙ্গে একাত্মতা অনুভব করেছেন। ভারতীয় মতে যাবতীয় নিয়মকানুন মেনে বিয়ের প্রক্রিয়া যে কত দীর্ঘ এবং তাতে কনের উপর দিয়ে যে কত ধকল যায়, অনেকেই তাতে সহমত পোষণ করেছেন এই ভিডিয়ো দেখে।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।