আমেরিকা থেকে ছুটে এসে গ্রামে নিজ উদ্যোগে নির্মিত মসজিদ উদ্বোধন করলেন আহমেদ শরীফ

নিজ উদ্যোগে নবনির্মিত বানিয়াপাড়া জামে মসজিদের শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ। গত মার্চ মাসে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মসজিদ নির্মাণের কাজ শুরু হয়।

আজ শুক্রবার জুমার নামাজের প্রাক্কালে মসজিদের শুভ উদ্বোধন করেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা। মসজিদ উদ্বোধনের জন্যই সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে নিজের গ্রামের বাড়িতে ছুটে এসেছেন তিনি।

এ প্রসঙ্গে আহমেদ শরীফ বলেন, আজ আমার জন্য খুব খুশির দিন। আমি চিন্তা করেছিলাম একটা মসজিদ আমি কী করে করব। আমার ধারণাই ছিল না আমি পারব। আল্লাহর রহমতে এবং সবার দোয়ার কারণেই এই মসজিদ করতে পেরেছি।

আলোচিত এই অভিনেতা বলেন, এই মসজিদের টানে আমি দেশে চারবার এসেছি সুদূর আমেরিকা থেকে। ওখানে আমার ঘুম হয় না। আমি ঘুমাতে পারি না, যে আমার মসজিদের কী হলো? কখন পাব। কবে আমার স্থানীয়রা নামাজ পড়বে, আমি দেখে যেতে পারব। আজ সেই দিন, আমি দেখেছি আমার গ্রামের প্রিয় মুসল্লি ভাইয়েরা এখানে নামাজ আদায় করছেন।

সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলের মাধ্যমে উক্ত নবনির্মিত মসজিদের শুভ উদ্বোধন হয়।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।