বরিশালে সুমাইয়া শিমুর ‘যাত্রা বিরতি’

ছোটপর্দায় অভিনয়ের দুই যুগেরও বেশি সময় পার করেছেন অভিনেত্রী সুমাইয়া শিমু। দীর্ঘ এই অভিনয়জীবনে অসংখ্য নাটকে নানা ধরনের চরিত্রে দেখা গেছে তাকে। তবে, বড়পর্দায় কখনো অভিনয় করা হয়নি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটছে। প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। সিনেমার নাম ‘যাত্রা বিরতি’।

কাজী আসাদ পরিচালিত সিনেমাটিতে সুমাইয়া শিমুর বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। টেলিভিশন নাটকে এর আগে বহুবার একসঙ্গে কাজ করেছেন তারা। তবে এবারই প্রথম চলচ্চিত্রের পর্দায় জুটি হয়ে আসছেন এই দুই অভিনয়শিল্পী।

চলচ্চিত্রে অভিনয়ের সিদ্ধান্ত প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, “আমার দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশনের জন্য অনেক কাজ করেছি। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ হয়েছে। তবে সিনেমায় অভিনয় করা হয়নি। বেশ কয়েকবার প্রস্তাবও পেয়েছি। কিন্তু কখনো গল্প, কখনো অন্য কোনো কারণে কাজগুলো করা হয়নি। এরপর যখন ‘যাত্রা বিরতি’র চিত্রনাট্য হাতে পেলাম, তখন মনে হয়েছে, এই গল্পটির সঙ্গে যুক্ত হওয়া যায়। গল্পটি পড়েই ভালো লেগেছে। চরিত্রটিও পছন্দ হয়েছে। তাই এবার আর না করিনি।”

কাজ নির্বাচনের ক্ষেত্রে গল্পের গুরুত্ব তুলে ধরে এই অভিনেত্রী বলেন, “আমার কাছে কাজের ক্ষেত্রে গল্প সব সময় গুরুত্বপূর্ণ। অভিনয়ের প্রস্তাব পেলেই কাজ করতে হবে, এমনটা কখনো ভাবিনি। একটি গল্প আমাকে কতটা আকৃষ্ট করছে, সেখানে আমার অভিনয়ের সুযোগ কেমন, এসব বিষয় বিবেচনা করি। ‘যাত্রা বিরতি’র ক্ষেত্রেও সেটাই বিবেচনা করেছি। সিনেমার চিত্রনাট্য পড়েই মনে হয়েছে, গল্পটি দর্শকের কাছে পৌঁছানো দরকার। এই সিনেমার গল্প ও চরিত্র দুটিই আমাকে আগ্রহী করেছে। সে কারণেই দীর্ঘদিন পর সিনেমায় কাজ করতে রাজি হয়েছি।”

এদিকে ‘যাত্রা বিরতি’র শুটিংয়ে অংশ নিতে বর্তমানে বরিশালে অবস্থান করছেন সুমাইয়া শিমু। গত ১৯ নভেম্বর থেকে শুরু হয়েছে সিনেমাটির দৃশ্যধারণের কাজ। বরিশালের বিভিন্ন স্থানে কয়েক দিন শুটিংয়ের পর সিনেমার ইউনিট যাবে কুয়াকাটায়। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত টানা শুটিং চলার কথা রয়েছে। এরপর ঢাকায় ফিরবেন শিল্পীরা।