টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে খুব শিগগির দেখা যাবে ‘দেশু৭’ সিনেমায় দেবের বিপরীতে। আসন্ন পূজায় এ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। একসময় সাবেক প্রেমিকের সঙ্গে মুখ দেখাদেখিও বন্ধ ছিল শুভশ্রীর। তবে দুজনের মধ্য়কার দূরত্ব ঘোচে গত বছর ‘ধূমকেতু’ সিনেমা মুক্তির সময়।
‘দেশু৭’ সিনেমায় জুটি নিয়ে তৈরি হওয়া হাইপের মাঝেই দেব ২০২৫ সালের ডিসেম্বরে ঘোষণা করে বসেন যে, পরের পূজায় একসঙ্গে আসবেন শুভশ্রীর সঙ্গে। আর সেই সিনেমা মুক্তির অপেক্ষাতেই অধীর এ জুটির ভক্ত-অনুরাগীরা।
এদিকে ‘দেশু৭’ সিনেমা মুক্তির আগে হঠাৎই রটে যায় যে, দেব-শুভশ্রীর এই কাছাকাছি আসার কারণে নাকি ভাঙন ধরেছে নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে তার দাম্পত্যে। এমনকি সামাজিক মাধ্যমে পোস্টে দাবি উঠতে থাকে— একছাদের নিচে থাকছেন না এ তারকা দম্পতি। তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে, ছেলে ইউভানের জন্মদিনে শুভশ্রীকে নিয়ে পোস্ট করেন রাজ চক্রবর্তী। মাতৃত্বের জন্মদিনে শুভেচ্ছা জানান স্ত্রীকে। ধন্যবাদ জানান সংসারের সবাইকে একসুতায় বেঁধে নিয়ে এগিয়ে চলার জন্য।
অন্যদিকে রিয়েলিটি শো ‘রাঁধুনি না কাঁদুনি’-এর প্রিমিয়ারে এসে রাজ জানান, বাড়িতে রান্নাঘরে পা রাখারও অনুমতি নেই স্ত্রী শুভশ্রী গাঙ্গুলির। বললেন, ‘শুভশ্রীর শাশুড়ির (রাজ নিজের মায়ের কথাই বলেন) কড়া নির্দেশ— ও রান্নাঘরে পা-ই রাখতে পারবে না। চৌকাঠও পেরোতে পারবে না। নো ওয়ে।’
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ছিল ছোটপর্দার নতুন রিয়েলিটি শো ‘রাঁধুনি না কাঁদুনি’র প্রিমিয়ার। রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা থেকে আসছে এই শো। আর সেখানে সাংবাদিকদের তরফে রাজের কাছে প্রশ্ন করা হয়, শুভশ্রীর করা কোন রান্নাটি তার সবচেয়ে প্রিয়। আর তাতে নির্মাতা জানান, তার বউয়ের রান্নাঘরে পা রাখারই অনুমতি নেই।
রাজ চক্রবর্তী বলেন, ‘শুভশ্রীকে আমরা রান্নাঘরে ঢুকতে দিই না। শুভশ্রী রান্না করবে আমরা সেটা চাই-ও না, বলিও না। কেন রান্না করবে? ওর জায়গায় আমরা রান্না করব।’ তিনি আরও বলেন, ‘শুভশ্রীর শাশুড়ির কড়া নির্দেশ আছে— ও রান্নাঘরে পা-ই রাখতে পারবে না। চৌকাঠও পেরোতে পারবে না। নো ওয়ে।’
বিয়ের পরপর দিদি নাম্বার ১-এ এসে শ্বশুরবাড়ির সবার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন শুভশ্রী গাঙ্গুলি। তিনি সেই সময় বলেছিলেন— কীভাবে বিয়ের পর থেকে তাকে আগলে রেখেছে শাশুড়ি। বাড়িতে তাকে কোনো কাজ করতে দেওয়া হয় না। শাশুড়ি সবসময় চান বউমা রানি হয়ে থাকুক। সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম কফিটা নিয়ে এসেও হাজির হন। সেই সময়ই শুভশ্রী আরও জানিয়েছিলেন, বিয়ের আগে তার যে একটু-আধটু রান্নার শখ ছিল, সেটিও এখন ভুলতে বসেছেন। কারণ শাশুড়ির কড়া নির্দেশ— রান্না করবে না অভিনেত্রী বউমা।
উল্লেখ্য, রাজ ও শুভশ্রীর প্রেম ছিল টালিপাড়ার সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম। ২০১৮ সালে তারা বিয়ের পিঁড়িতে বসেন। বিভিন্ন তর্কবিতর্ককে পেছনে ফেলে চুটিয়ে সংসার করছেন। রাজ বরাবরই বউয়ের প্রশংসায় থাকেন পঞ্চমুখ। এমনকি অকপটে জানিয়েছেন, দুই সন্তানের থেকেও বেশি ভালোবাসেন নিজের বউকে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.