Pori

সংগ্রামী মায়ের ভূমিকায় পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি দীর্ঘদিন ধরে সিনেমার শুটিং থেকে দূরে রয়েছেন। একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে তার ব্যস্ততা। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে অবশেষে পরীমণি চেনা ছন্দে ফিরছেন।

দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ-এর ‘ডোডোর গল্প—Story of Dodo’ নামের সিনেমা দিয়ে দুই বছরের বিরতি পেরিয়ে শুটিংয়ে নামছেন তিনি। অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হবে।

রোববার (১৭ সেপ্টেম্বর) পরীমণি নতুন এই সিনেমায় চুক্তিবদ্ধ হন। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনার পাশাপাশি এটি পরিচালনা করছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।

এ সিনেমায় পরীমণির বিপরীতে সিনেমাটিতে কে অভিনয় করবেন তা খুব শিগগির জানানো হবে বলে জানিয়েছেন নির্মাতা। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ)।

‘ডোডোর গল্প’ সিনেমায় কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করবেন পরীমণি। নতুন সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, অনেক সুন্দর একটি গল্পে কাজ করতে যাচ্ছি। এই দিনটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লাইট-ক্যামেরা-অ্যাকশন আমার নিঃশ্বাসের সঙ্গে মিশে আছে। এ অঙ্গনের মানুষেরা আমার আরেকটি পরিবার। সেটা ছাড়া দীর্ঘ দুটি বছর থাকতে হয়েছে। এ সময়টা আমার পরিবারকে ভীষণ মিস করেছি।

তিনি আরো বলেন, অবশেষে অপেক্ষার পালা শেষ। এই সিনেমার জন্য চার মাস ধরে নিজেকে প্রস্তুত করেছি। প্রতিটি দিন চরিত্র এবং স্ক্রিপ্ট নিয়ে ভেবেছি। যার কারণে ‘ডোডোর গল্প’ আমার কাছে অনেক বেশি স্পেশাল। কারণ, অনেকগুলো গল্পের মধ্যে এটি অনেক ভেবে চিন্তে নির্বাচিত করেছি। আশা করি, আমার দর্শকদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে।

সিনেমার গল্প নিয়ে নির্মাতা রেজা ঘটক বলেন, সিনেমাতে একজন মায়ের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের কৃষিকে তুলে ধরতে চাই।সিনেমাটিতে প্রোটাগনিস্ট কাজল চৌধুরীর প্রায় বিশ বছরের একটি জার্নি দেখা যাবে। এতে ৮৭ জন শিল্পী কাজ করছেন এবং ২৫টির বেশি লোকেশনে এর দৃশ্য ধারণ হবে। আগামী ৫ অক্টোবর সিনেমাটির শুটিং শুরু হবে।

সিনেমাটির প্রযোজক এবং জি সিরিজ-এর কর্ণধার নাজমুল হক ভূঁইয়া (খালেদ) বলেন, সিনেমায় একজন আত্মনির্ভর সংগ্রামী মায়ের ২০ বছরের সংগ্রামকে চিত্রায়িত করা হবে। যেখানে কাজল চৌধুরীর নিরন্তর অনুসন্ধানে প্রায় ২০ বছর পর তার হারানো ছেলেকে খুঁজে পাবে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।