সমালোচনার মাঝেই ৪১ বিদেশি প্রেক্ষাগৃহে ‘রকস্টার’

দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রশংসা ও সমালোচনা; দুই-ই কুড়িয়েছে শাকিব খান অভিনীত ‘রকস্টার’। অভিনয়ের জন্য প্রশংসিত হলেও গল্প ও চিত্রনাট্য নিয়ে দর্শকের একাংশের আপত্তি রয়েছে। এমন পরিস্থিতিতেই এবার আন্তর্জাতিক বাজারে যাত্রা শুরু করছে সিনেমাটি।

আগামী ৫ জুন থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডাসহ আমেরিকা-ইউরোপের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রকস্টার’। দেশে মুক্তির মাত্র এক সপ্তাহের মাথায় বিদেশি দর্শকের সামনে আসছে সিনেমাটি।

আমেরিকা ও ইউরোপে সিনেমাটির পরিবেশনার দায়িত্বে রয়েছে স্বপ্ন স্কয়ারক্রো। প্রতিষ্ঠানটির কর্ণধার সজীব সপ্তক জানিয়েছেন, প্রথম সপ্তাহে কানাডার সাতটি, যুক্তরাষ্ট্রের ৩০টি এবং যুক্তরাজ্যের চারটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ‘রকস্টার’।

কোরবানির ঈদ উপলক্ষে গত ২৮ মে দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্স মিলিয়ে বড় পরিসরে মুক্তি পেলেও দর্শকদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন রিভিউতে শাকিব খানের অভিনয়ের প্রশংসা দেখা গেলেও গল্পের গতি, চিত্রনাট্যের বিন্যাস এবং নির্মাণশৈলী নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ আবার সিনেমাটিকে বড় পর্দার চেয়ে টেলিফিল্মধর্মী বলেও মন্তব্য করেছেন।

আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’-এ আগুন নামের এক রকস্টার চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে রয়েছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েক।

দেশীয় দর্শকদের মিশ্র প্রতিক্রিয়ার পর এবার নজর থাকবে প্রবাসী বাংলা ভাষাভাষী দর্শকদের দিকে। বিদেশের প্রেক্ষাগৃহে ‘রকস্টার’ কতটা সাড়া ফেলতে পারে, সেটিই এখন দেখার বিষয়।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।