ব্যাট-বলের লড়াই

শুরু হলো তারকাদের ব্যাট-বলের লড়াই

ব্যাট-বল হাতে নিয়ে পুরোদস্তুর ক্রিকেটার হয়ে মাঠে নেমেছেন শোবিজ অঙ্গনের তারকারা। গত কয়েকদিন ধরে অনুশীলনও করছেন তারা। আয়োজনটির নাম ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’। জি নেক্সট নামে একটি প্রতিষ্ঠান এই আয়োজন করেছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) শুরু হয়েছে তারকাদের ব্যাট-বলের লড়াই। রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে চলছে খেলা। এই সেলিব্রেটি ক্রিকেট লিগে (সিসিএল) মোট আটটি দলে ভাগ হয়ে খেলবেন শোবিজের কলাকুশলীরা। প্রতি দলে ১০-১৫ জন খেলোয়াড় থাকবেন। প্রতি দলে নারী-পুরুষ তারকা অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।

দলগুলোর নেতৃত্ব দিচ্ছেন— গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

জানা গেছে, গিয়াসউদ্দিন সেলিমের দলে খেলবেন শ্যামল মাওলা ও মৌসুমী হামিদ। সালাহউদ্দিন লাভলুর দলে খেলবেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশী, বাপ্পী চৌধুরী, নিলয় আলমগীর, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, নির্মাতা তুহিন হোসেনসহ আরো অনেকে। নির্মাতা শিহাব শাহীনের দলে খেলতে পারেন আরিফিন শুভ, মিথিলা ও সাফা কবির।

চয়নিকা চৌধুরীর দলে আছেন তমা মির্জা ও পরীমণি। শরিফুল রাজ ও মেহজাবীন খেলবেন মোস্তফা কামাল রাজের দলে। আফরান নিশো ও সিয়াম আহমেদের মতো তারকাদের নিয়ে মাঠে নামবেন রায়হান রাফী। দীপঙ্কর দীপনের দলে আছেন এ বি এম সুমন, সুনেরাহ বিনতে কামাল ও জিয়াউল রোশান।

চিত্রনায়ক সাইমন সাদিক, তানজিন তিশা, স্পর্শিয়া ও জাহারা মিতুর মতো অভিনয়শিল্পীরাও এই লিগ খেলতে পারেন বলে জানা গেছে। এই লিগে বিজয়ী দলকে এক লাখ টাকা মূল্যের পুরস্কার দেওয়া হবে। সঙ্গে থাকছে ট্রফি। তবে পুরো আয়োজনটি মূলত জাতীয় দলকে উৎসাহ দেওয়া এবং তারকাদের বিনোদনের জন্যই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।