বুবলী

বুবলীকে নিয়ে সন্তুষ্ট হলেন টালিউডের নির্মাতা

জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। ক্যারিয়ারের প্রথম টালিউড সিনেমার জন্য তার চরিত্রের লুক প্রকাশ করেছে। সেই সঙ্গে সামনে এসেছে এই সিনেমায় তার দুই সহশিল্পী কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাসের লুকও। ভারতীয় গণমাধ্যম বলছে— বুবলী, কৌশিক ও সৌরভের চরিত্রের নাম অঞ্জন, ডিকে এবং শ্বেতা। ‘ফ্ল্যাশব্যাক’ পরিচালনা করছেন রাশেদ রাহা।

সিনেমার শুটিংয়ের কাজে গত ৭ জানুয়ারি কলকাতায় উড়াল দিয়েছেন বুবলী। এরই মধ্যে কলকাতা পর্বের শুটিং শেষ হয়েছে, পরবর্তী শুটিং হবে ডুয়ার্সে। এই মাসের মধ্যেই শুটিং শেষ করে ঢাকায় ফেরার কথা রয়েছে ‘প্রহেলিকা’ সিনেমার এ নায়িকার। নির্মাতা রাশেদ রাহা ফ্ল্যাশব্যাককে সাইকোলজিক্যাল থ্রিলার বলছেন। চিত্রনাট্য এগিয়েছে পাহাড়ের প্রেক্ষাপটের গল্পে।

এতে দেখা যাবে, মঞ্চনাটকের একসময়ের স্বনামধন্য এক অভিনেতা অঞ্জন। বহুদিন হলো সব ছেড়েছুড়ে অনেকটাই অদৃশ্য তিনি। এখনো অঞ্জন অভিনয় করেন, তবে মঞ্চে কিংবা পর্দায় নয়, বাস্তবে।

বাস্তবের দৃশ্য চলতে চলতে তার অভিনয়ের চিত্রনাট্য লেখা হতে থাকে। এভাবেই হঠাৎ একদিন অঞ্জনের সঙ্গে দেখা হয়ে যায় ডিকে ও শ্বেতার। ডিকে স্বভাবে ভবঘুরে। আর শ্বেতা তরুণ ফিল্মমেকার। তিনজনের একসঙ্গে চলার কয়েকটি দিন সিনেমার চিত্রনাট্যের চেয়েও রোমাঞ্চকর হয়ে ওঠে।

বুবলীকে নির্বাচনের কারণ জানিয়ে নির্মাতা রাশেদ রাহা বলেন, শ্বেতা চরিত্রটির জন্য আমাদের বিবেচনায় অনেকেই ছিল। তবে আমাদের মনে হয়েছে, বুবলী ভালো করবে। সে যথেষ্ট পরিশ্রমী ও দায়িত্বশীল। এখন পর্যন্ত তার যতগুলো দৃশ্য সম্পন্ন হয়েছে, আমরা সন্তুষ্ট ও ভীষণ আশাবাদী।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।