প্রাক্তন স্ত্রী পিংকি

কাঞ্চনের বিয়ের খবরে যা বললেন প্রাক্তন স্ত্রী পিংকি

টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়ের ৯ বছরের সংসার ভেঙে গেছে। গত ১০ জানুয়ারি এ দম্পতির বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর করেন কলকাতার একটি আদালত। দিন কয়েক আগে এ খবর প্রকাশ্যে আসে।

কয়েক বছর আগে পিংকি দাবি করেছিলেন— টিভি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন কাঞ্চন মল্লিক। যদিও এই অভিযোগ মিথ্যা দাবি করে আসছিলেন কাঞ্চন-শ্রীময়ী। কিন্তু পিংকির সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের এক মাসের মাথায় শ্রীময়ীকে রেজিস্টি বিয়ে করেন কাঞ্চন।

অন্যদের মতো শ্রীময়ী-কাঞ্চনের বিয়ের খবরও পেয়েছেন পিংকি। প্রাক্তনের বিয়ে নিয়ে পিংকির কী ভাবনা? এ বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যমে কথা বলেছেন এই অভিনেত্রী।

পিংকি যখন পরকীয়ার অভিযোগ করেন, তখন শ্রীময়ী ৫৩ বছর বয়সী কাঞ্চনকে ‘শিক্ষাগুরু’ বলে মন্তব্য করেছিলেন। এ বিষয়ে পিংকি বলেন, ‘প্রয়োজনে অনেক কিছুই বাধ্য হয়ে করতে হয়। মেয়েকে বোন বলতে হয়, বোনকে মা বলতে হয়। আর মা-কে কী বলতে হয় সেটা আমার জানা নেই। সাময়িক প্রয়োজনটা মিটিয়ে ওরা যে পদক্ষেপটা নিয়েছে সেটা করাই উচিত ছিল। আমার পক্ষ থেকে দুজনকেই অভিনন্দন।’

কাঞ্চন-শ্রীময়ীর জন্য মঙ্গল কামনা করে পিংকি বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি মন থেকে চাই নবদম্পতি খুব ভালো থাকুক, সুখে থাকুক। দীর্ঘদিনের প্রেম করার পর সাহসিকতার সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেওয়াকে সাধুবাদ জানাই। এটাই তো হওয়া উচিত ছিল। আমাদের জীবনে কারো জন্য কিছু আটকে থাকে না। আমি আমার ছেলেকে নিয়ে ভীষণ সুখে আছি। রোজ রাতে ছেলেকে জড়িয়ে গপ্পো মীরের ঠেক বা সানডে সাসপেন্স শুনি। এর চেয়ে অনাবিল আনন্দ আর কী হতে পারে। আমার মতে, ওরা যেটা করেছে সেটা একদম ঠিক করেছে। কাজ করছি, বাড়ি ফিরে ছেলের সঙ্গে সময় কাটাচ্ছি, এই বেশ ভালো আছি।’

এখনকার সময়ে মানুষের জীবনে শান্তির খুব অভাব বলে মনে করেন পিংকি। তা উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, ‘আমাদের জীবনে এখন শান্তির খুব অভাব। তাই যে যার সঙ্গে ভালো থাকে তাকে তার সঙ্গেই ভালো থাকতে দিতে হয়। কোনো কিছু জোর করে আটকে রাখতে নেই, যা হয় ভালোর জন্যই হয়। একজন মা কখনো দুর্বল হয় না। সব পরিস্থিতি সামলানোর ক্ষমতা একজন মায়ের মধ্যে থাকে। আমি চাই ছেলেটাকে যাতে মানুষের মতো মানুষ করতে পারি। এটা এখন আমার কাছে চ্যালেঞ্জ। বাবার বিয়ে ওশের জীবনে কোনো প্রভাব ফেলবে না। কারণ ওর মায়ের নাম পিংকি ব্যানার্জি।’

কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের পদক্ষেপকে স্যালুট জানিয়ে পিংকি বলেন, ‘শুধু টাকা কামালেই সংসারে সুখ আসে না, জীবনে ভারসাম্যটাই আসল। মানুষ যে আমাকে ভালোবাসছে, কাজের প্রস্তাব দিচ্ছে সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। শিল্পী হিসেবে নিজেকে সমৃদ্ধ বলে মনে হয়। জীবনে স্বচ্ছলভাবে চলতে যেটুকু প্রয়োজন সেটুকু পেলেই লাভ। অতিরিক্ত আশা করতে নেই। তাতে জীবনে কোনো বাঁধন থাকে না। সবশেষে আবারও বলছি, ইতিহাস ঘাটলে দেখা যায় আগে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। তাই ওদের এই সাহসী পদক্ষেপকে স্যালুট করছি।’

উল্লেখ, শ্রীময়ী চট্টরাজ জানিয়েছে, গত ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবসে রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করেছেন শ্রীময়ী-কাঞ্চন। আগামী ৬ মার্চ সামাজিকভাবে বিয়ের আনুষ্ঠানিকভাবে সারবেন তারা। শ্রীময়ীর এটি প্রথম হলেও কাঞ্চনের তৃতীয় বিয়ে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।