আল্লাহ আমাকে পথ দেখিয়েছেন, কোরআন পড়া শুরু করেছি : আহমেদ শরীফ

দীর্ঘদিন ধরেই রিল লাইফ থেকে দূরে রয়েছেন ঢাকাই সিনেমার এক সময়ের দাপুটে অভিনেতা আহমেদ শরীফ। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পরিবারসহ স্থায়ীভাবে বসবাস করছেন। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি।

আমেরিকা থেকে দেশে ফিরেই আরটিভি নিউজের সঙ্গে একান্ত আলাপে জীবনের নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন এ অভিনেতা। যেখানে উঠে এসেছে তার বর্ণিল ক্যারিয়ার, প্রবাস জীবন, প্রয়াত সহকর্মীদের হারানোর ব্যথা, প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব-নিকেশসহ অজানা অনেক তথ্য।

শুরুতেই শৈশব-কৈশরের স্মৃতিচারণ করে আহমেদ শরীফ বলেন, ‘মানুষের জীবনের সবচেয়ে মধুর ও সুন্দর সময় ছোটবেলা। যে ছোটবেলায় কোন পাপ নেই, অন্যায় নেই, ভালো-মন্দের বালাই নেই; সেই ছোটবেলা আর ফিরে আসবে না আমার। আমার মতে, ছোটবেলা মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়।’

আমেরিকায় কিভাবে দিন পার করেন সে প্রসঙ্গে তিনি জানান, ‘যখন সিনেমার জগতে ছিলাম, তখন সকাল ৮টা বা ৯টায় এফডিসিতে যাওয়ার উদ্দেশে বের হতাম। বাসায় ফিরতে রাত ১টা বা দেড়টা বেজে যেত। কখন সূর্য উঠতো, কখন ডুবতো কিছুই বুঝতাম না; কাজের মধ্যে ডুবে থাকতাম। খুবই ব্যস্ততায় সময় কাটতো। বিদেশে গিয়ে সেই ব্যস্ততা থেমে গেছে। প্রথমদিকে মানিয়ে নিতে বেশ কষ্ট হয়েছে, এখনও খানিকটা হয়। আমেরিকায় আমার একেবারেই কোনো কাজ নেই। সময় কাটাতে নিয়মিত পত্রিকা পড়ি, টিভি দেখি আর বই পড়ি।’

আহমেদ শরীফ যোগ করেন, ‘যে কথাটি বলতে আমার সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে তা হলো, আমি যখন সময় কাটানোর কষ্ট অনুভব করছিলাম, সে সময় আল্লাহ আমাকে একটি পথ দেখিয়েছেন। আমি কোরআন শরীফ পড়া শুরু করেছি। আমার মনে হলো, এখন তো অনেক সময় আছে, একটু বাংলা কোরআন শরীফ পড়িতো, দেখি কি বলেছেন আল্লাহতায়ালা। আমি এতটাই মুগ্ধ হয়েছি যে, একদিনেই ১০ পারা পড়া শেষ করেছি। সেটি আমার প্রচণ্ড ভালো লাগতে শুরু করলো এবং অনেক কিছুই শিখতে পারলাম।’

অনুরাগীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি ধর্মভীরু নই, ধর্ম পরায়ণ। সবাইকে অনুরোধ করবো, আপনারা অবশ্যই কোরআন শরীফ পড়ুন। নিজের আত্মার শান্তি পাবেন, অনেককিছু জানবেন।’

প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্রে নায়ক হিসেবে যাত্রা শুরু করলেও খল অভিনেতা হিসেবেই সফলতা পান আহমেদ শরীফ। দীর্ঘ প্রায় ৫০ বছরের ক্যারিয়ারে আট শতাধিক সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তার উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে অরুণোদয়ের অগ্নিসাক্ষী, দেনমোহর, তিন কন্যা,বন্দুক প্রভৃতি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন আহমেদ শরীফ। নিজের সেই স্বপ্ন বাস্তবেও রূপ দেন। ১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি প্রতিষ্ঠার সময়ে প্রথম সাধারণ সম্পাদক ছিলেন তিনি। এরপর আরও দুই মেয়াদে সাধারণ সম্পাদক এবং চার মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন গুণী এই অভিনেতা।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।