চিত্রনায়িকা অপু বিশ্বাস আত্মহত্যা করেছেন শীর্ষক তথ্যটি ভুয়া

সম্প্রতি, ‘ব্রেকিং – গলায় দড়ি দিয়ে আত্মহত্যা বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস বিস্তারিত নিউজ কমেন্ট>>>’ শীর্ষক ক্যাপশনে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চিত্রনায়িকা অপু বিশ্বাস আত্মহত্যা করেন নি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টে একটি ব্লগপোস্টের লিংক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘news6angla.site’ নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি একটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। উক্ত ‘news6angla.site’ নামের এই ব্লগস্পটের সাইটে “গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস” শীর্ষক কথিত দাবির বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে তবে এটি প্রকাশের তারিখ উল্লেখ নেই।

কথিত এই সংবাদে দাবি করা হয়, রাজধানীর মিরপুর এলাকায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন অপু নামে এক যুবক। শনিবার রাত সাড়ে ১০টার দিকে তার মরদেহ নিজ ঘর থেকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। অপু (২৫) পেশায় একজন গার্মেন্টস কর্মী ছিলেন। কয়েকদিন ধরে মানসিক অশান্তিতে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। পরিবারের সদস্যরা বরাতে বলা হয়, ঘটনার সময় অপু একা ছিলেন ঘরে। দীর্ঘক্ষণ কোনো সাড়া শব্দ না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এর বরাতে বলা হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।

উক্ত সংবাদটি পর্যালোচনা করে এতে চিত্রনায়িকা অপু বিশ্বাসের আত্মহত্যার দাবির বিষয়ে কোনো তথ্যসূত্রের উল্লেখ পাওয়া যায়নি।

অপু বিশ্বাসের মতো ব্যক্তি মারা গেলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হওয়ার কথা। তবে, দেশের কোনো গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রচার হতে দেখা যায়নি। এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিশ্বস্ত সূত্রেও উক্ত দাবির সত্যতা মেলেনি।

অপু বিশ্বাসের ভেরিফাইড ফেসবুক পেজেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ফ্রি ডোমেইনের ব্লগসাইট ব্যবহার করে অপতথ্য ছড়ানোর এই পদ্ধতি গত বছরের সেপ্টেম্বর থেকেই ব্যবহার হয়ে আসছে। সম্প্রতি রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যাতে বেরিয়ে এসেছে এসব সাইটের পেছনে কারা আছেন, কারাই বা এসব সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং কাদের এসব অপতথ্যের শিকার বানানো হচ্ছে। পড়ুন এখানে

সুতরাং, চিত্রনায়িকা অপু বিশ্বাস আত্মহত্যা করেছেন শীর্ষক তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র 

  • Rumor Scanner’s analysis

Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।