৬৬ বছর বয়সে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন নীনা

স্পষ্টভাষী হিসেবে আলাদা পরিচিতি রয়েছে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তার। কয়েক দিন ধরে গুঞ্জন উড়ছে, ৬৬ বছর বয়সে মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী। মূলত, কয়েকটি স্থিরচিত্রকে কেন্দ্র করে চর্চার সূচনা। তারপর থেকে মুখে কুলুপ এঁটেছিলেন, ফলে গুঞ্জনের পালে আরো হাওয়া লাগে।

অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে কথা বলার জন্য বলিউড হাঙ্গামা যোগাযোগ করে নীনা গুপ্তার সঙ্গে। প্রতিবেদকের ফোনকল পেয়েই হেসে ফেলেন নীনা গুপ্তা। তারপর মজার ছলে তিনি বলেন, “আমার এটুকুই প্রয়োজন ছিল, বাস্তব জীবনের একটা ‘বাধাই হো।” বলে রাখা ভালো, ‘বাধাই হো’ সিনেমায় প্রিয়ংবদা চরিত্রে অভিনয় করেছিলেন নীনা গুপ্তা। এটি এমন একটি চরিত্র যে, ৬০ বছর বয়সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

খানিকটা সময় মজা করার পর ছড়িয়েপড়া গুঞ্জন নিয়ে সিরিয়াসলি কথা বলেন নীনা গুপ্তা। এ অভিনেত্রী বলেন, “এখানে কোনো ‘বাধাই হো’ নেই। আমি অন্তঃসত্ত্বা নই। আসল ব্যাপার হলো, শাড়ির কাপড়টা বেশ মোটা ছিল, তাই রিসেপশনে আমাকে একটু ভারী দেখাচ্ছিল।”

তবে ছড়িয়েপড়া গুঞ্জনকে খুব উপভোগ করছেন নীনা গুপ্তা। এ অভিনেত্রী বলেন, “এই বয়সে আমার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে এতটা জল্পনা-কল্পনা হচ্ছে, সেটা দেখে আমার ভালোই লাগছে। এতে বোঝা যায়, জাতি হিসেবে ধীরে ধীরে আরও উদার ও প্রগতিশীল হচ্ছি।”

গত মার্চ ভারতের হায়দরাবাদের বিলাসবহুল হোটেল তাজ কৃষ্ণতে অনুষ্ঠিত হয় রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। তারকাখচিত জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানে স্বামীকে নিয়ে হাজির হন নীনা গুপ্তা। এ সময়ের একটি স্থিরচিত্র এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল; যাকে কেন্দ্র করে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন চাউর হয়।

ব্যক্তিগত জীবনে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন নীনা গুপ্তা। কারণ আশির দশকে ক্যারিবিয়ান ক্রিকেট তারকা ভিভ রিচার্ডসের সঙ্গে গভীর প্রেমের সম্পর্কে জড়ান তিনি। ওই সময়ে এ জুটির চর্চিত প্রেম কাহিনি বহুবার সংবাদ শিরোনাম হয়েছে।

১৯৮৯ সালে ভিভের সঙ্গে বিয়ে না করেই তার সন্তানের জন্ম দেন। তারপর শুরু হয় এ অভিনেত্রীর নতুন লড়াই। তবে জীবনের হাল ছাড়েননি তিনি। একা হাতে কন্যা মাসাবাকে বড় করেন। কন্যার বয়স এখন ৩৬ বছর।

২০০৭ সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরাকে বিয়ে করেন নীনা গুপ্তা। তখন নীনার কন্যা মাসাবার বয়স ছিল ১৮ বছর। তবে দ্বিতীয় সংসারে নীনার কোনো সন্তান নেই। এখন মেহরার সঙ্গে দাম্পত্য জীবন পার করছেন নীনা।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।