মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আহ্বান চীনের

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই উপসাগরীয় অঞ্চলের উত্তেজনা নিয়ে বাহরাইন ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাদাভাবে ফোনে কথা বলার সময় এই আহ্বান জানান।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুললতিফ বিন রশিদ আল-জায়ানির সঙ্গে ফোনে কথা বলেছেন ওয়াং ই। তাকে তিনি জানান, উপসাগরীয় অঞ্চলে দ্রুত বাড়তে থাকা উত্তেজনা নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন।

ওয়াং ই বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চীন গঠনমূলক ভূমিকা পালন করবে।

আরেকটি ফোনালাপে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী জারাহ জাবের আল-আহমাদ আল-সাবাহর সঙ্গে কথা বলার সময় ওয়াং ই উপসাগরীয় অঞ্চলে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতির আহ্বান জানান।

তিনি জোর দিয়ে বলেন, উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতাকে সম্পূর্ণভাবে সম্মান করা উচিত।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার পর পূর্ণ মাত্রার ১০ দিনের যুদ্ধের মধ্যে চীন আরব দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সমাধানের অংশ হিসেবে যুদ্ধবিরতির আহ্বান জানাল। তবে এই যুদ্ধের প্রধান শক্তি যুক্তরাষ্ট্র-ইসরায়েল এবং ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতির কোনো আভাস মেলেনি। তারা যে যার অবস্থানে অনঢ় থেকে লড়াই চালিয়ে যাচ্ছে।

এই যুদ্ধ এখন মধ্যপ্রাচ্যে ক্ষয়ক্ষতির পাহাড় জমা করছে। এর প্রভাব পড়তে শুরু করেছে ইউরোপ থেকে এশিয়া ও আমেরিকা মহাদেশেও।

চীন ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে দেশটির পাশে থাকার বার্তা দিয়ে যাচ্ছে। তবে এখনো পর্যন্ত পক্ষ থেকে তেহরানকে কোনো ধরনের সামরিক সহায়তা দেওয়ার খবর নেই। কূটনৈতিক পরিমণ্ডলেই চীনকে বেশি সক্রিয় দেখা যাচ্ছে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।