সৃজিতদার নির্দেশনায় কাজ করতে চাই : অপু বিশ্বাস

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন ঢাকাই সিনেমার তারকা অভিনেত্রী অপু বিশ্বাস। সেরা নায়কদের সঙ্গে জুটি বাঁধার পাশাপাশি গুণী নির্মাতাদের নির্দেশনায়ও কাজ করেছেন এই অভিনেত্রী। এবার কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির নির্দেশনায় অভিনয় করার ইচ্ছা প্রকাশ করলেন এই তারকা।

কয়েক দিন আগে রাইজিংবিডির স্পেশালে অতিথি হিসেবে উপস্থিত হন অপু বিশ্বাস। এ আলাপচারিতায় সঞ্চালক রাহাত সাইফুল জানতে চান, ক্যারিয়ারে অনেক সিনেমায় কাজ করেছেন। এখন কী এমন কোনো কাঙ্ক্ষিত পরিচালক আছে, যার সঙ্গে কাজ করতে চান?

জবাবে অপু বিশ্বাস বলেন, “প্রথমত একজন পরিচালক একজন আর্টিস্টকে চয়েস করতে পারেন। আমি আমার ক্যারিয়ারে এফ আই মানিককে পেয়েছি, আমজাদ আঙ্কেলকে পেয়েছি, চাষী আঙ্কেলকে পেয়েছি, সোহানুর রহমান সোহানকে পেয়েছি। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ইচ্ছা অনেকটা পূরণ হয়েছে।”

সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করে অপু বিশ্বাস বলেন, “আর কলকাতার ক্ষেত্রে যদি বলি, তবে সৃজিতদার (সৃজিত মুখার্জি) একটা ব্যাপার আছে। যদি কখনো সুযোগ হয়, সময় হয় বা গল্পের প্রয়োজনে আমাকে ভাবা হয় বা প্রস্তাব পাঠানো হয়, তাহলে হয়তো তা গ্রহণ করব।”

অপু বিশ্বাসের হাতে এখন দুটো সিনেমার কাজ রয়েছে। এগুলো হলো—‘সিক্রেট’ ও ‘দুর্বার’। এ দুটো সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, “দুর্বার’ সিনেমার ৬০ শতাংশ, ‘সিক্রেট’ সিনেমার ৪০ শতাংশ শুটিং শেষ হয়েছে। বাকি শুটিং সময় ও শিডিউল এবং অন্যান্য বিষয়ের উপর নির্ভর করছে।”

অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্রাপ’। ২০২৪ সালের শুরুতে মুক্তি পায় এটি। সিনেমাটিতে অপুর বিপরীতে অভিনয় করেন জয় চৌধুরী। তাছাড়াও অভিনয় করেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ। এটি পরিচালনা করেন দ্বীন ইসলাম।

অপু বিশ্বাসের অভিনয়জীবন দুই দশকের বেশি সময়ের। এই সময়টায় অভিনয় করেছেন শতাধিক সিনেমায়। এর মধ্যে প্রায় ৮০টি সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো—‘কোটি টাকার কাবিন’, ‘দাদিমা’, ‘চাচ্চু’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘পাঙ্কু জামাাই’, ‘রাজনীতি’ প্রভৃতি।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।