হাতখরচের টাকা জমিয়ে সালমান খানের পোস্টার কিনতেন সুস্মিতা সেন!

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন ও হিন্দি সিনেমার হার্টথ্রব অভিনেতা সালমান খানের সেই বিখ্যাত ‘চুনারি চুনারি’ গানের কথা কি মনে পড়ে? কালো লেহেঙ্গা আর লাল ওড়নায় সুস্মিতা সেনের সেই বিখ্যাত নাচ আজও অনেকের প্রিয়, এখনো বিভিন্ন উৎসবে-অনুষ্ঠানে বাজাতে শোনা যায় এই গান। কিন্তু আপনি কী জানেন, সালমানের সাথে অভিনয়ের অনেক আগে থেকেই তার বড় ভক্ত ছিলেন সুস্মিতা সেন?

সালমান খানের সাথে ‘বিবি নাম্বার ওয়ান’ ও ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’ নামের দুটি ছবিতে অভিনয় করেছেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাতকারে সুস্মিতা নিজেই জানিয়েছিলেন, একসময় নিজের হাতখরচের টাকা বাঁচিয়ে সালমান খানের পোস্টার কিনতেন তিনি!

সুস্মিতা বলেন, “বিবি নাম্বার ওয়ান সিনেমার আগে আমার কখনো সালমানের সাথে দেখাই হয়নি। কিন্তু আমি তার অনেক বড় ভক্ত ছিলাম, ‘ম্যায়নে পেয়ার কিয়া’র পোস্টার কিনতেই হাতখরচের সব টাকা শেষ করে ফেলেছিলাম।”

সুস্মিতা সেন ও সালমান খান অভিনীত ‘চুনারি চুনারি’ গানের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
অভিনেত্রী আরও বলেন, “আমি তার (সালমান খান) বিরাট ভক্ত ছিলাম। এরপরে যখন ‘বিবি নাম্বার ওয়ান’ সিনেমার প্রস্তাব পেলাম, তখন আমেরিকায় তার সাথে আমার প্রথম দেখা হলো, প্রথম শিডিউল সেখানেই ছিল। সালমান যখন হেঁটে এসে আমাকে নিয়ে গেল, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিলো যে এটা আসলেই সালমান খান এবং আমি তারই বিপরীতে অভিনয় করবো! আমার এই গল্প শুনে পরে সালমান বললেন, তোমার কাছে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিটা ভালো লেগেছে; ঠিক আছে, আমি ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’ ছবিটা তোমার সাথেই করবো।”

সম্প্রতি ওয়েব সিরিজের দুনিয়ায় বাজিমাত করেছেন সুস্মিতা সেন। ডিজনি প্লাস হটস্টারে সুস্মিতা অভিনীত ওয়েব সিরিজ ‘আরিয়া’ বেশ সফলতা পেয়েছে। কিছুদিন আগেই নতুন ওয়েব সিরিজ ‘তালি’-এ অভিনয়ের কথা ঘোষণা দিয়েছেন সুস্মিতা। এই সিরিজে তিনি ট্রান্সজেন্ডার অধিকারকর্মী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করবেন। ছয় এপিসোডের এই নাটকে গৌরী সাওয়ান্তের জীবনের বিভিন্ন দিক, প্রতিকূলতা ও তার মেয়ে গায়ত্রীর সাথে তার সম্পর্কের বিষয়টি তুলে ধরা হবে।

‘তালি’র কাজ শেষ হওয়ার পর সুস্মিতা সেন ‘আরিয়া’র তৃতীয় মৌসুমের শ্যুটিং শুরু করবেন বলে জানা গেছে।
সূত্র: বলিউড হাঙ্গামা


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।