যে কারণে ৩ বিড়ালের নাম হলো শাকিব খান, অপু বিশ্বাস, বুবলী

বিড়ালপ্রেমীদের অংশগ্রহণ ও প্রতিযোগিতার মধ্য দিয়ে বরিশালে প্রথমবারের মতো আড়ম্বরপূর্ণ বিড়াল মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় সবকিছু ছাপিয়ে নজর কেড়েছে এক প্রভাষকের তিনটি বিড়াল। চিত্রনায়ক শাকিব খান এবং তার দুই স্ত্রী অপু বিশ্বাস ও বুবলীর নামে তিনি এসব বিড়ালের নামকরণ করেন।

শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরীর একটি কনভেনশন হলে এই বিড়াল মেলা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন নামের ৪০টি বিড়াল নিয়ে প্রাণীপ্রেমীরা অংশগ্রহণ করেন।

জানা গেছে, শাকিব খান, অপু বিশ্বাস, বুবলীর নামে বিড়ালের নামকরণ করা ওই প্রভাষকের নাম মারিয়া। বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডের বাসিন্দা তিনি।

শোবিজের আলোচিত এই তিন সেলিব্রেটির নামে বিড়ালের নামকরণ নিয়ে মারিয়া বলেন, তারা অনেকদিন ধরেই বেশ আলোচনায় রয়েছেন। চমক সৃষ্টি করার জন্য তাদের নামে নামকরণ করেছি। এটাই ট্রেন্ড।

মেলায় আরেক অংশগ্রহণকারী রাখি বলেন, একজন পশুপ্রেমী হিসবে আমি বিড়াল পুষছি। আজ মেলায় এসে খুব ভালো লাগছে। চমৎকার আয়োজন। এই মেলা মানুষকে পশুপ্রেমে আরও আগ্রহী করে তুলবে।

মেলা প্রসঙ্গে আয়োজক ক্যাট সোসাইটি অব বরিশালের সমন্বয়ক আবির বিন মিজান বলেন, পশুপ্রেমের জায়গা থেকে আমি ও আমার স্ত্রী একটি ফেসবুক গ্রুপ খুলে বিড়ালপ্রেমীদের একত্রিত করার চেষ্টা করি। অল্প সময়ের মধ্যেই আমরা ব্যাপক সাড়া পাই। সকলের সম্মতিতে আজকে বরিশালে প্রথম বিড়াল প্রদর্শনীর আয়োজন করেছি।

মেলার প্রধান অতিথি ও বরিশাল জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. নূরুল আলম বলেন, আজকের মিলনমেলা একটি চিত্তবিনোদনেরও বিষয়। নাগরিক জীবনে আমরা বিভিন্ন যান্ত্রিক কারণে হাঁপিয়ে উঠেছি। এমন সময় জীবে প্রেমের নিদর্শন হিসবে এই আয়োজন মানুষকে প্রাণীদের প্রতি আরও সদয় করবে। প্রাণীসম্পদ অধিদপ্তর সব সময় এমন মানুষদের পাশে থাকবে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।