জেবা জান্নাত

নিষিদ্ধ করার পর বেশি বেশি নাটকের প্রস্তাব পাচ্ছি : জেবা

টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড নিষিদ্ধ করার পরেও যেন দমে নেই ছোট পর্দার নবাগত অভিনেত্রী জেবা জান্নাত। ইতোমধ্যে সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। তবে নিষিদ্ধ হওয়ার পর এখন আরও বেশি নাটকের প্রস্তাব পাচ্ছেন বলে সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।

জেবা বলেন, আমাকে নিষিদ্ধ করার পর এখন আরও বেশি নাটকের প্রস্তাব পাচ্ছি। কিন্তু সব প্রস্তাব গ্রহণ করতে পারছি না। কারণ, বর্তমানে আমার এত সময় নেই। আমি ফার্মেসিতে পড়াশোনা করি, ইউনিভার্সিটিতে ক্লাস থাকে।

অভিনেত্রী আরও বলেন, আমি কাজ করব। আর যদি আমাকে একেবারে নিষিদ্ধ করা হয়, তাহলে ফার্মেসি বিষয়ের ওপর ক্যারিয়ার গড়ব। বিষয়টা এমন নয় যে আমাকে মিডিয়াতেই প্রতিষ্ঠিত হতে হবে। তবে যারা অভিনয়ের জন্য প্রস্তাব দিচ্ছেন তারাও কিন্তু পরিচালক।

গেল কয়েক দিন ধরে আলোচনা-সমালোচনায় রয়েছেন জেবা। অসহযোগিতা ও অসদাচরণের কারণে তাকে নিষিদ্ধ করে ডিরেক্টরস গিল্ড। এরপর থেকেই খবরের শিরোনামে রয়েছেন তিনি। তাদের অভিযোগের জবাবে নির্মাতা রাশেদা আক্তার লাজুক ও তার স্বামী সাজ্জাদ হোসেন দোদুলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন জেবা।

এ দিকে বৃহস্পতিবার (২২ জুন) অভিনেত্রীর শুটিং বন্ধ করে দেন সংগঠন ডিরেক্টরস গিল্ডের নেতারা। নিষিদ্ধ হওয়ার পরেও রাজধানীর ধানমণ্ডির জিগাতলায় একটি নাটকের শুটিং করছিলেন জেবা। এ সময় শুটিংস্থলে উপস্থিত হয়ে ওই নাটকের শুটিং বন্ধ করে দেয় সংগঠনের ১০-১২ জনের একটি দল।

প্রসঙ্গত, গেল ২০ জুন থেকে জেবা জান্নাতকে নাটকে নিষিদ্ধ করে ডিরেক্টরস গিল্ড। ওই বিবৃতিতে জানানো হয়, এ নিষেধাজ্ঞার ফলে তাকে নিয়ে আর কাজ করবে না কোনো নির্মাতা। কিন্তু নিষিদ্ধ হওয়ার পরেও জেবা নাটকের শুটিং অব্যাহত রেখেছেন।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।