অপু

অপুর প্রতি শাকিবের ভালোবাসা দেখে মুগ্ধ পরী

ঈদে মুক্তি পাওয়া অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢালিউডের কিং শাকিব খান। সাবেক স্ত্রীর কাজের প্রতি শাকিবের এই ভালোবাসা দেখে আপ্লুত অভিনেত্রী পরীমনি। শাকিবের দেওয়া স্ট্যাটাস নিজের ফেসবুকে শেয়ার করে পরী লিখেছেন, ‘ওরে জোশ জোশ জোশ!’

শুধু জোশ লিখেই শেষ করেন নি এই অভিনেত্রী। আরও লিখেছেন, ‘একটা আস্ত ভালোবাসা।’ সেই সঙ্গে লাভ ইমোজি দিয়েছেন তিনি।

এদিকে শাকিব খানের পোস্ট দেখে অপু বিশ্বাসও বেশ উচ্ছ্বসিত। তিনিও শাকিবের স্ট্যাটাস শেয়ার দিয়ে নিজের অনুভুতি প্রকাশ করেছেন। ফেসবুকে অপু লিখেছেন, ‘আমার প্রত্যেকটা সাফল্যের পেছনে মা বাবার পরে তোমার অবদান।’

এবারের ঈদে সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিয়তমা’ মুক্তি পেয়েছে। তবে নিজের সিনেমার প্রচারণা না করে ঈদে মুক্তি পাওয়া সাবেক স্ত্রী অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’র প্রচারণা করলেন তিনি। শাকিব তার ফেসবুক পেজে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।

শুক্রবার (৩০ জুন) বিকেলে ফেসবুকে ‘লাল শাড়ি’র একটি পোস্টার শেয়ার করে শাকিব খান লিখেছেন, ‘এই ঈদে অপু–জয় প্রোডাকশন হাউজের প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে। আমার সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্যরকম এক আবেগ কাজ করছে। যতদূর শুনেছি, ‘লাল শাড়ি’র প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ঘিরে। বিলুপ্তপ্রায় এই শিল্প এবং এর সঙ্গে জড়িত প্রান্তিক মানুষদের জীবনযাপন, সুখ-দুঃখ এই চলচ্চিত্রের প্রাণ। তাই এই ঈদ উৎসবে পরিবার–পরিজন সবাইকে নিয়ে ‘প্রিয়তমা’র পাশাপাশি ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

এবারের ঈদে মুক্তি পেয়েছে ৫টি সিনেমা। এর মধ্যে মালিপ্লেক্সসহ দেশের ১০৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খান ও কলকাতার নায়িকা ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা। অন্যদিকে মাল্টিপ্লেক্সসহ ৬৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে বাকি ৪টি সিনেমা।

এ চারটি সিনেমার মধ্যে রয়েছে- রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’, চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’, সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’, বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’।

এর মধ্যে অপুর ‘লাল শাড়ি’ সরকারি অনুদানের সিনেমা। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। সিনেমার নায়ক সাইমন সাদিক। প্রযোজনার পাশাপাশি এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। অপু-সাইমন ছাড়া ‘লাল শাড়ি’ সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী প্রমুখ। এ সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন ইমন সাহা।

অপরদিকে, রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের প্রযোজনায় সিনেমাটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিব খানের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। সিনেমাটিতে আরও অভিনয় করছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

এছাড়া চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমাটি এ ঈদেই মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন শাকিব খানের আরেক স্ত্রী শবনম বুবলি ও অভিনেতা মাহফুজ আহমেদ। এ সিনেমাটি নিয়েও ফেসবুকে মন্তব্য করেছেন শাকিব।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।