শাবনূর

আপন ভুবনে ফিরছেন নায়িকা শাবনূর

ঢাকাই সিনেমার নন্দিত চিত্রনায়িকা শাবনূর। দীর্ঘ তিন বছর পর সম্প্রতি দেশে ফিরেন তিনি। দেশে এসেই নতুন সিনেমায় নাম লেখান। ‘রঙ্গনা’ শিরোনামের নতুন এই সিনেমা পরিচালনা করছেন তরুণ নির্মাতা আরাফাত হোসাইন। এই সিনেমার মধ্য দিয়ে আপন ভুবনে ফিরছেন নব্বই দশকের তুমুল জনপ্রিয় এই নায়িকা।

‘রঙ্গনা’ পরিচালনার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র পরিচালনায় নামছেন আরাফাত। এর আগে তিনি বেশকিছু সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। তার আগে টিভি নাটক নির্মাণ করে হাত পাকিয়েছেন আরাফাত। আর প্রথম সিনেমাতেই পেয়েছেন শাবনূরকে। এতে শাবনূরের বিপরীতে কে থাকবেন তা অচিরেই জানানো হবে বলে জানিয়েছেন এই নির্মাতা।

শাবনূরকে বেছে নেওয়ার কারণ প্রসঙ্গে আরাফাত বলেন, থ্রিলার গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হবে। দর্শকরা এখনো তাকে পর্দায় দেখতে চান। আর শুরু থেকেই আমারও ইচ্ছা তাকে নিয়ে কাজ করার। সে অনুযায়ী গল্প লেখা। তাকে অসংখ্য রোমান্টিক গল্পের সিনেমায় দেখা গেছে। এটি নারী কেন্দ্রিক গল্প হলেও রয়েছে ভিন্নতা। তাকে ঘিরেই সিনেমাটির গল্প এগিয়েছে। নতুন বছরে সিনেমাটির শুটিং শুরু হবে। একটানা দৃশ্যধারণের কাজ শেষ করব। সিনেমাটি ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।

শাবনূর বলেন, অস্ট্রেলিয়ায় থাকাকালীন সাত মাস আগে ‘রঙ্গনা’র গল্পটি আমাকে পাঠানো হয়। তখনই কাজটি করতে রাজি হই। সিনেমার গানগুলো খুবই চমৎকার। কবির বকুল ভাইয়ের হাতে জাদু আছে। সিনেমাটির গান শুনেই ইচ্ছে করেছিল লাফ দিয়ে শুটিংয়ে নেমে যাই। এই সিনেমা দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াব। এখন নিজেকে প্রস্তুত করছি। আশা করছি, দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছেন।

‘রঙ্গনা’ সিনেমায় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। দুটি গান গাইবেন এবং সুর ও সংগীতায়োজন করবেন শ্রোতাপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন তন্ময় মুক্তাদির।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।